"আমি নাকের জল, চোখের জলে এক হব?" তিস্তা প্রসঙ্গে আর কী মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী?
তিস্তার জল প্রসঙ্গে অনড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও ভাবেই কেন্দ্রের বক্তব্যকে মানতে চাইছেন না৷ বাংলাদেশকে তিস্তার জল দিতে চাইছেন না বাংলার মুখ্যমন্ত্রী।
সোমবার রাজ্য বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত সমালোচনা করেন। রীতিমতো আক্রমণাত্মক মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, উত্তরবঙ্গের বন্যা, তিস্তা, ভুটানের বন্যা, একাধিক বিষয়ে বিঁধেছেন মুখ্যমন্ত্রী।

এদিন আরও একবার তিস্তার জল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, " তিস্তায় জল আছে? ১৪ টা হাইডেল পাওয়ার পাম্প আছে। কালিম্পং, আপার শিলিগুড়ি যখন ভেসে যায়। তখন কি কেন্দ্র চোখ বন্ধ করে বসেছিল? "
তিনি আরও বলেন, " আগেই সিকিম তিস্তার অনেক জল নিয়ে নিয়েছে। তাতে জল কমে গিয়েছে। গাছ কাটা হল। তখনই সতর্ক হওয়া দরকার ছিল। এখন আবার বাংলাদেশ। ওরা আমাদের ভাই বোনের মতো, ঘনিষ্ঠ সম্পর্ক। ওদের আমরা ভালোবাসি। কিন্তু জল দিয়ে দিলে উত্তরবঙ্গের মানুষ ভুগবে।"
বিধানসভায় জোর গলায় মুখ্যমন্ত্রী বলেন, " বাংলার স্বার্থ আপস করে আমি কোনও চুক্তিতে যেতে পারব না। কে আমায় ভোট দিল, কে দিল না, আমি জানি না। সরকারের প্রতি মানুষের প্রত্যাশা থাকবে। সেখান থেকেই এই কাজ আমি করব। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। কেন্দ্র এই নিয়ে কথা তুলল কী করে?"
" আমার নাকের ডগা দিয়ে জল কেটে নিয়ে যাবে। আর আমি নাকের জল, চোখের জলে এক হব? আমি মানব না। " এই মন্তব্যও করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিস্তার জলবন্টন নিয়ে জলঘোলা হচ্ছে বেশ কয়েক মাস ধরেই।
পশ্চিমবঙ্গকে না জানিয়ে তিস্তা চুক্তি নিয়ে কথা বলেছে কেন্দ্র সরকার। এদিনও এই দাবি করলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই তিস্তার জল বাংলাদেশকে দিতে আপত্তি জানাচ্ছেন।
সোমবার মুখ্যমন্ত্রী বলেন, " তিস্তায় ভারী বৃষ্টি জন্য বন্যা হয়। অথচ এটা রাজ্যের নদী নয়। বাইরের জন্য আমাদের সাফার করতে হয়। উত্তরবঙ্গ সাফার করে। কেন্দ্রের তরফে কোনও তথ্য দেয় না।"
" ভুটানের বাঁধগুলো হঠাৎ জল বাড়ে। খনন হয় না। দুকূল ছাপিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একের পর এক কৃষি জমি, চা বাগান নষ্ট হচ্ছে। বন্য প্রাণী, মানুষ মারা যাচ্ছে। রাজ্যের এতে কিছু করার থাকে না। কেন্দ্র সাহায্য করে না আমাদের। স্যালুট টু বিজেপি গভর্মেন্ট ফর দিস ডিসক্রিমিনেশন।" তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications