দিনহাটায় চলছে তৃণমূলের বনধ, বিজেপি ঘেরাও করবে পুলিশ সুপারের বাংলো
বুধবার মধ্যরাত থেকেই বৃষ্টি হচ্ছে কোচবিহারের বিভিন্ন জায়গায়। বসন্তের মধ্যে রীতিমতো বর্ষার অনুভূতি। কিন্তু রাজনৈতিক বিবাদ কোচবিহার জেলায় সেই অতীত থেকেই লেগে রয়েছে। তার কোনও বদল নেই। বুধবার সকাল থেকেই বনধ চলছে দিনহাটা শহরে। শাসক দল তৃণমূল কংগ্রেস ২৪ ঘন্টার বনধের ডাক দিয়েছে।
বিজেপি ও তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় মঙ্গলবার রাতে। নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহ সেই বিবাদে জড়িয়ে পড়েছিলেন। মহকুমা শাসকের মাথা ফেটেছে। রাজ্য পুলিশ ও নিশীথ প্রামাণিকের নিরাপত্তা রক্ষীরা হিমশিম খেয়ে যান ঝামেলা থামানোর জন্য।

গোটা ঘটনার জন্য বিজেপি ও তৃণমূল একে অপরের দিকে দোষ দিচ্ছে। গোটা ঘটনাটা বিজেপির পরিকল্পনায় হয়েছে। এমনই অভিযোগ করছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তিনি বুধবার সকালে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকও করেছেন। দিনহাটায় সকাল থেকেই চড়ছে রাজনৈতিক পারদ।
২৪ ঘন্টার বনধের ডাক দিয়েছে তৃণমূল। দিনহাটা শহর কার্যত সম্পূর্ণ স্তব্ধ হয়ে রয়েছে। বাজারহাট বন্ধ। দোকানপাট খোলা হয়নি। রাস্তাঘাটে মানুষজন অত্যন্ত কম সংখ্যায় দেখা গিয়েছে। স্কুল কলেজ এদিন বন্ধ। সাধারণ মানুষের মধ্যেও দুশ্চিন্তা রয়েছে। এমনই খবর পাওয়া গিয়েছে। তৃণমূলের পক্ষ থেকে আজ একাধিক জায়গায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
তবে ঘটনায় বিজেপি পাল্টা অভিযোগ এনেছে তৃণমূলের দিকে। নিশীথ প্রামাণিক গোটা ঘটনাটিকে তৃণমূলের উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন। আজ বুধবার বিজেপির পক্ষ থেকেও কর্মসূচি রাখা হয়েছে। কোচবিহার শহরে জেলা পুলিশ সুপারের বাংলো ঘেরাও করা হবে। পুলিশের পক্ষ থেকেও যথেষ্ট নিরাপত্তা বাড়ানো হয়েছে।
রাজ্যপাল গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। তিনি নিজে কোচবিহার যাচ্ছেন। জেলা পুলিশ সুপার ও পুলিশ আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করবেন। মঙ্গলবার রাতে যে ঘটনা ঘটেছে, তাতে উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস।












Click it and Unblock the Notifications