অমানবিক নিদর্শনের সাক্ষী কালিয়াগঞ্জবাসী! শিশুর দেহ ব্যাগে নিয়ে ফেরার ঘটনায় তীব্র অসন্তোষ
আবারও অমানবিকতার নিদর্শনের সাক্ষী থাকল কালিয়াগঞ্জবাসী। অ্যাম্বুল্যান্স না পেয়ে মৃত শিশুকে ব্যাগে করে শিলিগুড়ি থেকে টোটো করে, দুবার বাস পাল্টে কালিয়াগঞ্জে ফিরলেন মৃত শিশুর বাবা অসীম দেববর্মা। এই ঘটনা সামনে আসতেই তীব্র বিতর্ক তৈরি হয়েছে রাজ্য জুড়েই।
কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের ডাঙিপাড়া গ্রামের বাসিন্দা অসীম দেবশর্মার স্ত্রী যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন। পাঁচ মাস পর দুই শিশু সন্তানই অসুস্থ হয়ে পড়ে। ৭ মে রবিবার দুইজনকেই কালিয়াাগঞ্জের স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় তাদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরে অবস্থার আরও অবনতি হওয়ায় মঙ্গলবার দুই শিশু সন্তানকে শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। গত বৃহস্পতিবার একটি শিশুর অবস্থার উন্নতি হওয়ায় তাকে মেডিক্যাল কলেজ থেকে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার শিশুর মা এক সন্তানকে নিয়ে কালিয়াগঞ্জে ফিরে যান।
শিশুর বাবা অসীম দেবশর্মা ছেলেকে নিয়ে থেকে যান উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। ১৩ মে শনিবার রাতে অপর শিশু সন্তানের মৃত্যু হয়। অসীম দেববর্মা মৃত শিশুকে কালিয়াগঞ্জে নিয়ে যেতে অ্যাম্বুল্যান্স ভাড়া করার চেষ্টা করেন। কিন্তু হাসপাতাল চত্বরে থাকা অ্যাম্বুল্যান্স চালক আট হাজার টাকা ভাড়া চান বলে অভিযোগ।

পরিযায়ী শ্রমিক তথা দিনমজুর অসীম দেববর্মা ইতিমধ্যেই চিকিৎসা বাবদ যোলো হাজার টাকা খরচ করে ফেলেছেন। ফলে তার পক্ষে সেই সময় অ্যাম্বুল্যান্সের জন্য আট হাজার টাকা খরচ করা সম্ভবপর ছিল না। উপায় না পেয়ে রবিবার ভোর পাঁচটায় মৃত শিশুকে নতুন একটি ব্যাগে ভরে কালিয়াগঞ্জের উদ্দেশে রওনা হন।
মৃতদেহ ব্যাগের মধ্যে রেখেই বাসে করে শিলিগুড়ি থেকে রায়গঞ্জে যান অসীম দেববর্মা। এরপর রায়গঞ্জ থেকে একটি বেসরকারি বাসে কালিয়াগঞ্জে পৌঁছান তিনি। কালিয়াগঞ্জে পৌঁছানোর পর সেখানকার বাসস্ট্যান্ডে বিজেপির পক্ষ থেকে একটি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে রাখা হয়েছিল।

সেই অ্যাম্বুল্যান্সে করে ব্যাগে ভরা শিশুর দেহ নিয়ে মোস্তাফানগরের ডাঙিপাড়ার বাড়িতে ফেলেন অসীম দেববর্মা। এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন রাজ্যের বিরোধী নেতারা। স্থানীয় বিজেপি নেতা গৌরাঙ্গ দাস বলেছেন, গরিব মানুষের কাছে টাকা না থাকলে এই হাল হবে। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ প্রশাসনের তীব্র নিন্দা করেন তিনি।












Click it and Unblock the Notifications