North Bengal News: বিজেপি ছেড়ে তৃণমূলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বোন! পিছনে বড় 'ষড়যন্ত্র' দাদার? জোর জল্পনা
North Bengal News: শক্ত ঘাঁটি উত্তরবঙ্গেই বড় ধাক্কা বিজেপির (BJP)। তৃণমূলে (Trinamool Congress) যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলার (John Barla) বোন মেরিনা কুজুর। রবিবার নাগরাকাটায় শাসক দলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানের ডাক দেওয়া হয়। আর সেখানেই মেরিনার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি মহুয়া গোপ সহ আরও অনেকে।
যা নিঃসন্দেহেই বিজেপির কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। যদিও তা মানতে নারাজ স্থানীয় নেতৃত্ব। তাদের দাবি, উত্তরবঙ্গের মানুষ অবহেলিত, বঞ্চিত। বিজেপি লাগাতার লড়াই করে যাচ্ছে। ফলে মানুষ তাদের পাশে আছে বলেই দাবি বিজেপি নেতৃত্বের।

এই প্রসঙ্গে বিজেপির নাগরাকাটা এক নম্বর মণ্ডল কমিটির সভাপতি বরুণ মিত্র জানান, মেরিনা গত ৩ বছর ধরে দলে একদম নিষ্ক্রিয় ছিলেন। ওঁর এই তৃণমূলে যোগদানে বিজেপির একচুলও ক্ষতি হবে না। অন্যদিকে তৃণমূলের দাবি, মানুষ বিজেপিকে চিনে গিয়েছে। আর সেজন্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে চাইছেন বলেই মন্তব্য।
তবে মেরিনা কুজুর তৃণমূলে নাম লেখানোর পেছনে জন বারলার কোনও ভূমিকা রয়েছে কিনা, তা নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও এই বিষয়ে জানতে ওয়ান ইন্ডিয়ার তরফে বারলাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। হোয়াটসঅ্যাপ কল করা হলেও লাভ হয়নি। মেরিনা অবশ্য নিজে বলছেন, এই সিদ্ধান্ত একান্ত ভাবে তাঁর ব্যক্তিগত। দাদার সঙ্গে কোনও আলোচনা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ দেখেই তৃণমূল যোগ বলে জানিয়েছেন বিজেপি নেতার বোন।
এই প্রসঙ্গে তাঁর আরও দাবি, পুরনো দল বিজেপি থেকে তিনি কোন সহযোগিতা পাননি। এমনকি স্থানীয় নেতৃত্বও এই বিষয়ে উদাসীন বলেও দাবি মেরিনা কুজুর। বলে রাখা প্রয়োজন, গতবারের পঞ্চায়েত নির্বাচনে সুলকাপাড়া এলাকা থেকে বিজেপির টিকিটে নির্বাচিত মেরিনার এই দল বদলকে ঘিরে চর্চা শুরু হয়েছে গোটা এলাকায়।
এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি অবশ্য তাঁকে টিকিট দেয়নি। এমনকি জন বারলাকেও লোকসভা নির্বাচনে প্রার্থী করেনি বিজেপি। যা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন তিনি। এমনকি বিজেপিকেও একহাত নিয়েছিলেন। ফলে বোনের দলবদলে দাদার ভূমিকা থাকার বিষয়টি উড়িয়ে দিতে পারছেন রাজনৈতিক কারবারিরা।
অন্যদিকে মেরিনার সঙ্গেও তৃণমূলে যোগদান করেন সিপিএমের টিকিটের নির্বাচিত চম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য অরবিন্দ গুড়িয়া।












Click it and Unblock the Notifications