প্রতিশ্রুতি রক্ষা করলেন মমতা! মুখ্যমন্ত্রীর সফরের আগেই জোড়া পুরসভা পেল উত্তরবঙ্গ
প্রতিশ্রুতি রক্ষা করলেন মমতা! মুখ্যমন্ত্রীর সফরের আগেই জোড়া পুরসভা পেল উত্তরবঙ্গ
একুশের বিধানসভা নির্বাচনের আগে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তিনি ক্ষমতায় ফিরে এলে ময়নাগুড়ি ও ফালাকাটাকে পুরসভার স্বীকৃতি দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টানা তৃতীয়বার রাজ্যে সরকার প্রতিষ্ঠার পর ছ-মাস কাটতে না কাটতেই তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন। ময়নাগুড়ি ও ফালাকাটাকে নতুন পুরসভা স্বীকৃতি দেওয়া হল।

খুশির হাওয়া উত্তরবঙ্গের দুই জেলায়
মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। একুশের নির্বাচন জিতে প্রথম উত্তরবঙ্গে সফরে যাওয়ার আগে তিনি প্রতিশ্রুতিমতো দুটি নতুন পুরসভা স্বীকৃতি দিলেন। মুখ্যমন্ত্রীর সফরের ঠিক মুখে এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া উত্তরবঙ্গের দুই জেলায়।

নতুন পুরসভার নির্বাচনও কি একসঙ্গে
জলপাইগুড়ির ময়নাগুড়ি ও আলিপুরদুয়ারের ফালাকাটা পুরসভার স্বীকৃতি পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায়। তবে এই দুই নতুন পুরসভার নির্বাচন বাকি পুরসভার সঙ্গে হবে নাকি আলাদা হবে, তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ ব্যাপারে পরে জানানো হবে।

পুরসভায় উন্নীতকরণের বার্তা ভোটের আগেই
একুশের বিধানসভা নির্বাচনের প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এবার তারা ক্ষমতায় এলে জলপাইগুড়ির ময়নাগুড়ি ও আলিপুরদুয়ারের ফালাকাটাকে পুরসভায় উন্নীত করা হবে। যেমন কথা, তেমন কাজ। বাংলার দুই জেলায় দুই নতুন পুরসভা হল। এখন দেখার তাঁর ঘোষিত অন্য এবাকাগুলিও পুরসভায় উন্নীত হয় কি না।

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গে সফরের আগেই নতুন পুরসভা
মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ২৪ অক্টোবর তিনি কলকাতা থেকে বিমানে বাগডোগরা হয়ে শিলিগুড়িতে পা রাখবেন। সেখানে পৌঁছে মুখ্যমন্ত্রী শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেবেন। ২৫ অক্টোবর তিনি উত্তরকন্যায় আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন।

পাহাড়ে প্রশাসনিক বৈঠকের পর গোয়া সফর!
এরপর ২৬ অক্টোবর তিনি যাবেন কার্শিয়াং এবং সেখানকার টাউন হলে। সেখানে দার্জিলিং ও কালিম্পং জেলার প্রশাসনিক কর্তাব্যক্তিদের নিয়ে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। সেখান থেকে শিলিগুড়িতে ফিরে তিনি উত্তরকন্যায় রাত্রিযাপন করবেন। ২৭ অক্টোবর মুখ্যমন্ত্রী শিলিগুড়ির দলীয় নেতা-কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করতে পারেন। ২৮ অক্টোবর মুখ্যমন্ত্রী বাগডোগরা থেকে মুম্বই হয়ে গোয়ার পথে যাবেন।

পাহাড়ের ধসে বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শনে মমতা!
মুখ্যমন্ত্রী তাঁর এই সফরে পাহাড়ের ধস বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শনে যেতে পারেন। শুক্রবার ফের হলুদ সংকেত জারি করা হয়েছে তিস্তায়। টানা বৃষ্টির কারণে তিস্তার জল বিপদসীমার উপর দিয়ে বইছে। তারপর তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গত এলাকা পরিদর্শন করতে পারেন তার উত্তরবঙ্গ সফরে।












Click it and Unblock the Notifications