মালদহে তৃণমূল পঞ্চায়েত সদস্যের গাড়িতেই বাংলাদেশে গরুপাচার?
তৃণমূল পঞ্চায়েত সদস্যের গাড়িতে গরুপাচারের অভিযোগ। বাংলাদেশ পাচারের পথে পিকআপ ভ্যান আটকানো হল। তিনটি গরু উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদহের সামসি- রতুয়া রাজ্য সড়কের কুশরাখা এলাকায়। পুলিশি অভিযানের সময় পালিয়ে যায় ওই পিকআপ ভ্যান চালক। গরু গুলিকে আটক করা হয়েছে।
জানা গিয়েছে, এদিন একটি পিক আপ গাড়িকে আটকায় পুলিশ। তল্লাশিতে দেখা যায় তিনটি গরু সেই গাড়িতে রয়েছে। গরুগুলিকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। তৃণমূল নেতার গাড়িতে এই পাচারের ঘটনা! রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে যায়।

পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় মালদহের সামসি - রতুয়া রাজ্য সড়কের কুশরাখা এলাকায়। জানা গিয়েছে, গাড়িটি সামসি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আমির হোসেনের। বেগতিক দেখে পালিয়ে যায় গাড়ির চালক।
গাড়ির মালিক তথা সামসী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আমির হোসেন। তিনি দাবি করছেন, কী উদ্দেশ্যে, কোথায় গরুগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। সেই বিষয়টি তার অজানা।গাড়ি চালকই ভাড়া ঠিক করে। তিনি কোনও কিছুই এই বিষয়ে জানেন না। পলাতক গাড়ি চালকের খোঁজ করছে পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে গরু পাচারের ঘটনায় সরব হয়েছে বিজেপি। গরু পাচারের ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের যোগ রয়েছে বলে সরব হয়েছে গেরুয়া শিবির। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সামসি এলাকায়।
পুলিশের প্রাথমিক ধারণা, বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই ওই গরুগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় কে বা কারা জড়িত, সেই সব খতিয়ে দেখছে পুলিশ। রতুয়া থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে, গরু ও গাড়িটিকে আটক করা হয়েছে।












Click it and Unblock the Notifications