Lok Sabha Election 2024: আলিপুরদুয়ারে বিজেপির কোন্দল, মনোজ টিগ্গাকে প্রার্থীপদ ছাড়তে বললেন জন বার্লা
Lok Sabha Election 2024: আলিপুরদুয়ারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লাকে এবার টিকিট দেয়নি বিজেপি। প্রার্থী করা হয়েছে মাদারিহাটের বিজেপি বিধায়ক তথা জেলা সভাপতি মনোজ টিগ্গাকে।
আজ মাদারিহাটে রেলের এক অনুষ্ঠানে মনোজের সঙ্গে দেখা হতেই রেগে অগ্নিশর্মা বার্লা। অনুষ্ঠান ছেড়ে দ্রুত চলেও গেলেন স্ত্রীর আচমকা অসুস্থ হয়ে পড়ার দোহাই দিয়ে। তার আগে আঙুল উঁচিয়ে মনোজকে হুঁশিয়ারিও দিলেন।

অনুষ্ঠান ছেড়ে গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের সামনে মনোজকে দুর্নীতিবাজ বলেও অভিহিত করেন তিনি। বিধায়ক হওয়ার পর থেকে তাঁর সম্পত্তি বৃদ্ধির বিষয়ে খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। বার্লা বলেন, আমার বাড়ি করা নিয়ে দলীয় নেতৃত্বকে মনোজ জানিয়েছেন। আমি বাড়ি করেছি তৃণমূলের হামলা থেকে কর্মীদের রক্ষা করতে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে ২ লক্ষ ৪৩ হাজারের বেশি ভোটে জিতেছিলেন জন বার্লা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও হন। যদিও তাঁর বিরুদ্ধে একাধিক জমা পড়ছিল। মানুষের মধ্যে সাংসদের ভূমিকায় ক্ষোভ বাড়ছিল। সে কারণেই এবার প্রার্থী বদল বলে মনে করা হচ্ছে।
এই লোকসভা আসনের মধ্যে সমস্ত বিধানসভা আসনেই বিজেপি জিতেছিল ২০২১ সালে। পরে সুমন কাঞ্জিলাল শুধু দল বদল করেন। পঞ্চায়েত ভোটে অবশ্য আলিপুরদুয়ারে ঘুরে দাঁড়ায় তৃণমূল। এই পরিস্থিতিতে লোকসভা ভোটে গড় রক্ষায় বিধানসভায় বিরোধী দলের মুখ্য সচেতককে প্রার্থী করা হয়েছে।
যদিও জন বার্লা বলেন, আমি সম্মতি দেওয়াতেই মনোজ টিগ্গা জেলা সভাপতি হয়েছেন। মনোজ ভোটে জিতেছেন আমাদের জন্যই। ওঁকে ছোট ভাইয়ের মত দেখতাম। প্রার্থী হওয়ার পর আমার সঙ্গে যোগাযোগ করেননি। উপরন্তু আমাদের চা বাগান সংগঠনটিকে ভেঙে ফেলার চেষ্টা করেছেন। জেলার বিধায়কদের আমার বিপক্ষে একজোট করেছেন।
বার্লার কথায়, আমি এগুলি বরদাস্ত করিনি, আর করবও না। নোংরামো করছেন মনোজ দল নিয়ে। আমি চা বাগানের শ্রমিকদের, আদিবাসীদের নিয়ে আন্দোলন করছি। মনোজ প্রার্থী থাকলে আমি প্রচারে নামব না। আমি আদিবাসীদের নিয়ে আন্দোলন করতাম, সেটাই চালিয়ে যাব।
রেলের আধিকারিকরা ও দলীয় নেতৃবৃন্দ সাংসদকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। মনোজের মুখোমুখি হওয়ার পর থেকেই তিনি দূরত্ব রাখছিলেন। কিছুটা দূরের চেয়ারে গিয়ে বসেন। সেখান থেকেই আঙুল উঁচিয়ে মনোজকে বলেন, আমাদের সঙ্গে, আদিবাসীদের সঙ্গে ছল করা চলবে না।
আসানসোলের প্রার্থী পবন সিংয়ের প্রসঙ্গ টেনে বার্লা বলেন, পবন প্রার্থীপদ ছেড়েছেন। মনোজকেও ছাড়তে হবে। রাজ্য নেতৃত্বের একাংশের প্রতিও ক্ষোভ প্রকাশ করেছেন বার্লা। যদিও বিজেপি প্রার্থী মনোজ বলেন, সাংসদের বক্তব্য নিয়ে কিছু বলার নেই। তবে কে কথায় প্রার্থী হবেন তা দলের কেন্দ্রীয় নেতৃত্ব স্থির করে থাকেন। বার্লা অবশ্য অন্য দলের বা নির্দল হয়ে ভোটে লড়বেন কিনা তা স্পষ্ট নয়। তবে এই বিজেপির মধ্যে এই বিভাজন তৃণমূলের হাসি চওড়া করতে পারে।












Click it and Unblock the Notifications