বিজেপির নিশীথ প্রামাণিক জিতলে মাছ খাওয়া বন্ধ? কোচবিহার থেকে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
কোচবিহারের সভামঞ্চ থেকে আক্রমণাত্মক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ২০১৯ সালে কোচবিহারে বিজেপি জিতেছিল৷ এবার তৃণমূলকে জেতানোর আহ্বান করলেন তিনি। বিজেপি জিতলে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে৷ কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
কোচবিহারে গোপালপুর ছাগলবেড় চৌপথি এলাকার ময়দানে মঙ্গলবার সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন তিনি৷ বাংলার বঞ্চনা নিয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি৷

গতবার কোচবিহার কেন্দ্র থেকে বিজেপির নিশীথ প্রামাণিক জিতেছিলেন৷ এবার তিনি জিতলে মানুষের মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে৷ কোচবিহারে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। এই কটাক্ষ করেন অভিষেক। মাছ খাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেছেন তিনি৷ অভিষেক বলেন, " বলছে মাছ খেলে সে দেশদ্রোহী। আগে একবার মাছ খেতাম। এখন দু'বার মাছ খাই।"
পাঁচ বছর ধরে তাঁকে এলাকায় দেখা যায়নি। তিনি আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি হয়ে বসে আছেন। নাম না করে নিশীথ প্রামাণিককে কটাক্ষ করেছেন অভিষেক। বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার থাকবে না। এমন একটি মন্তব্যও এদিন শুনিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
এদিন ফের মঞ্চ থেকে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরেন তিনি। ৮০০ ঘণ্টা হয়ে গেল এখনও শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি বিজেপি সরকার। কটাক্ষ অভিষেকের। শুধু তাই নয়, একশো দিনের কাজের টাকা, রাস্তার টাকা, বাড়ির টাকা নিয়েও প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি।
এদিন কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনীয়ার সমর্থনে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবাসের টাকা প্রাপকরা পেয়ে যাবেন। সেই কথা ফের জানিয়ে দিলেন অভিষেক।












Click it and Unblock the Notifications