গরম থেকে বাঁচতে দার্জিলিংয়ে যাবেন ভাবছেন? জেনে নিন জারি হয়েছে এই সতর্কতা
দক্ষিণবঙ্গ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে গরম হাওয়া। তাপপ্রবাহের দাপটে জেরবার দশা। অনেকেই ভাবছেন কয়েকদিনের জন্য ঠান্ডায় গা ভিজিয়ে আসলে মন্দ হয় না। ব্যাগ গুছিয়ে দার্জিলিংয়ে পাড়ি দেওয়ার আগে জেনে নিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া। কারণ সেখানেও জারি হয়েছে সতর্কতা।
গরমে জেরবার রাজ্য। এবার উত্তরবঙ্গও গরমের দাপট থেকে রেহাই পায়নি। দক্ষিণবঙ্গের তাপমাত্রার আঁচ পৌঁছে গিয়েছে উত্তরবঙ্গেও। পর পর জেলাগুলির তাপমাত্রা বাড়তে শুরু করেছে। কয়েকদিন আগে পর্যন্ত যেখানে মনোরম আব হাওয়া ছিল। সেখানে ধীরে ধীরে সেই পরিস্থিতি একেবারেই চলে গিয়েছে। গরম ক্রমশ বাড়ছে উত্তরবঙ্গ।

অথচ গরমে বরাবরই মনোরম আবহাওয়া থাকে উত্তরবঙ্গের। পাহাড় থেকে জঙ্গল সর্বত্র একটা ঠান্ডা পরশ। একদিকে হিমালয় আর একদিকে জঙ্গলে সবুজের ভিড়। কাজেই তাপপ্রবাহের আঁচ খুব একটা পড়ে না উত্তরবঙ্গে। কিন্তু এবার যেন সবটাই ছক ভাঙা। অন্য ধারায় চলচে প্রকৃতি। হিমালয়ের পাদদেশেও যে তাপ প্রবাহ হতে পারে তা আগে ঘটেনি। এবারে সেটাই ঘটতে চলেছে উত্তরবঙ্গে।

উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মালদহ, দুই দিনাজপুরে তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেেক সতর্ক করে বলা হয়েছে তাপপ্রবাহের একটি স্পেল উত্তরবঙ্গের জেলাগুলিতেও ছড়িয়ে পড়বে। আগামী তিন-চারদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ চড়বে।

তবে পাহাড়ের জেলা গুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। এই বছর এপ্রিল মাস পর্যন্ত দার্জিলিংয়ের সান্দাকফুতে তুষারপাত হয়েছে। তার প্রভাব পড়েছে দার্জিলিং জেলাতে। সেকারণে এপ্রিল মাসের বেশ কিছুদিন শিলিগুড়িতে বেশ মনোরম আবহাওয়া ছিল। কিন্তু সেসব এখন অতীত হতে চলেছে। তাপপ্রবাহের প্রকোপ থেকে রক্ষা পাবে না উত্তরবঙ্গের একাধিক জেলা। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

মালদহ, দুই দিনাজপুেরর তাপমাত্রা গত কয়েকদিন ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। সেটা আগামী কয়েকদিনের মধ্যে আরও বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। কাজেই এপ্রিল মাসের ১৫ তারিখের পর থেকে উত্তরবঙ্গের অবস্থাও কঠিন হতে চলেছে তা নিয়ে সতর্ক করেছে হাওয়া অফিস।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে তাপপ্রবাহ। গতকাল থেকেই তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। ১১ টি জেলায় জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। দুপুরের দিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বইবে লু। এই পরিস্থিতি আগামী বেশ কয়েকদিন জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সূর্যের প্রখর তেজ তার সঙ্গে গরম হাওয়া। ঘামের রেশ মাত্র নেই। শুষ্ক গরমে চরম বিপাকে অনভ্যস্ত শহরবাসী। কলকাতায় সাধারণ ঘর্মাক্ত গরম হয়। ভ্যাপসা থাকে গরমে আবহাওয়া। ঘামে ভিজে যায় শরীরে। কিন্তু এবারের গরম একেবারেই অন্যরকম। ঘাম হচ্ছে না শরীরে। গরম বাতাস শুষে নিয়ে যাচ্ছে শরীরের সব জল। হাত-পা-ঠোঁট ফেটে যাচ্ছে। নাক দিয়ে রক্ত পর্যন্ত বেরোচ্ছে। এমনই কঠিন পরিস্থিতি শহরে।












Click it and Unblock the Notifications