অভিষেক সভাস্থল ছাড়তেই সংঘাতে তৃণমূলের দুই গোষ্ঠী, ভাঙা হল ব্যালট বক্স, ছেঁড়া হল পেপারও
শুরুতেই ছন্দপতন! অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল ছাড়তেই সংঘাতে তৃণমূলের দুই গোষ্ঠী। প্রবল হাতাহাতি নেতা-কর্মীদের মধ্যে। ভেঙে দেওয়া হল গোপন ব্যালট বক্স। এমনকি ব্যালক বক্স ছিনতাই করা হয়েছে বলেও অভিযোগ। ব্যালট পেপারগুলিকে ছিঁড়ে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে।
যা নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। সাহেবগঞ্জ এবং গোসানিমারি দুই এলাকাতেই কার্যত একই ছবি। পুলিশের সামনেই তৃণমূলের দুই গোষ্ঠী হাতাহাতিতে জড়িয়ে পড়েন। আর তা সামলাতে রীতিমত হিমশিম খেতে হয় পুলিশ আধিকারিকদেরও। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনকে ঘিরে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। তবে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ঠিক করতে গোপন ব্যালটে ভোটের ব্যবস্থা করা হয়েছে তৃণমূলের। আর এই পুরো কর্মসূচির নাম দেওয়া হয়েছে গ্রাম বাংলার মতামত।

আর এই প্রকল্প নিয়েই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ঘুরে বেড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার থেকে এই প্রকল্পের সূচনা করেন তিনি। সভা করেন সাহেবগঞ্জ এবং গোসানিমারি এলাকাতে। পঞ্চায়েতে প্রার্থী কে হবে তা গোপন ব্যালটে জমা দেওয়ার কথাও বলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আর সেই সভা শেষে এলাকা ছাড়তেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়ে যায় দুই এলাকাতে। অভিযোগ গোপন ব্যালট বাক্সে নাম জমা দিতে একাধিক পেপার তোলেন দুই দুইও গোষ্ঠীর নেতারাই। আর তা ঘিরেই সংঘাতের সূত্রপাত।
একেবারে ব্যাপক আকার নেয় পরিস্থিতি। প্রথমে বচসা এবং তা রীতিমত হাতাহাতিতে আকার নেয়। ভেঙে দেওয়া হয় ব্যালট বাক্স। এমনকি ব্যালট পেপারগুলিকে ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ। ব্যালট পেপার না পেয়ে ভেঙে ফেলা হয়েছে ব্যালট বক্স এমনটাই দাবি করছেন তৃণমূলের নিচুতলার কর্মী সমর্থকরা। গোটা ঘটনা পুলিশের সামনেই ঘটে। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে যায় যে তা সামলাতে পুলিশকেও হিমশিম খেতে হয়। যেখানে পঞ্চায়েত নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হওয়ার কথা বলছেন সেখানে শুধুমাত্র দলের প্রার্থী ঠিক করা নিয়েই অশান্তি। আর তা ঘিরেই অস্বস্তিতে শাসক তৃণমূল। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ ছাড়তেই একের পর এক এলাকাতে উত্তেজনা ছড়ানো নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

এই ঘটনায় বিজেপির দাবি, আরও একবার প্রমাণ হল যে তৃণমূল কতটা বিশৃঙ্খলা একটা দল। এমনকি পঞ্চায়েত নির্বাচনে কাটমাটি কে খাবে তা নিয়েই এই লড়াই বলেও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন রাহুল সিনহা। তাঁর দাবি, মানুষ সব দেখছে। ঠিক জবাব দেবে তাঁরা। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের তরফে একেবারে স্পিকটি নট।












Click it and Unblock the Notifications