Udayan Guha: উদয়নের কনভয়ের সামনেই পড়ল বোমা, ভর সন্ধ্যায় উত্তপ্ত দিনহাটা
Udayan Guha: বোর্ড গঠন ঘিরে দফায় দফায় অশান্তির ছবি ধরা পড়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। ভোট পর্ব মিটলেও বোমাবাজির ঘটনা এখনও অব্যাহত রাজ্যে। ফুরফুরা শরিফ থেকে খেজুরি, একাধিক জায়গায় অশান্তির ঘটনা সামনে এসেছে। কোথাও আক্রান্ত হয়েছে পুলিশ, কোথাও হামলা হয়েছে সরকারি অফিসারের কনভয়ে।
আর এবার বোমাবাজির মুখে পড়ল খোদ মন্ত্রীর কনভয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হল কোচবিহারের দিনহাটা। বৃহস্পতিবার সন্ধ্যায় বোমাবাজির মুখে পড়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর কনভয়। দিনহাটা ২ নম্বর ব্লকের নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েতের শালমারা এলাকায় এদিন ছিল পঞ্চায়েতের বোর্ড গঠন।

সেই বোর্ড গঠনকে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত। সকাল থেকে উত্তপ্ত ছিল এলাকা। বিকেলের পর ওই এলাকায় যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। সেখানে গিয়ে স্থানীয় তৃণমূল কর্মীদের সঙ্গে কথাও বলেন তিনি।
এলাকা পরিদর্শনের পর তিনি যখন দিনহাটার দিকে ফিরছিলেন তখনই ঘটে ঘটনাটি। অভিযোগ, শালমারা এলাকায় হঠাৎ করেই তাঁর কনভয়ের সামনে বোমা ফাটে। হঠাৎ করে এই ঘটনা ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায়। গাড়ি থেকে নেমে পড়েন মন্ত্রী নিজে। পরবর্তীতে খবর পেলে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী।
সরাসরি ভাবে মন্ত্রী অভিযোগ করেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। পরে পুলিশের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
গত জুলাই মাসের ১১ তারিখে পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। মনোনয়ন পর্ব থেকে শুরু করে ফল প্রকাশ পর্যন্ত দফায় দফায় অশান্তির ঘটনা ঘটেছে একাধিক জেলায়। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি সত্ত্বেও মৃত্যুর ঘটনাও ঘটেছে। ফল প্রকাশের পর প্রায় এক মাস কেটে গেলেও ভোট-অশান্তি জারি রয়েছে এখনও.












Click it and Unblock the Notifications