সীমান্তে বাঙ্কার বানাচ্ছে BGB, পাল্টা নজর রাখছে BSF! কোচবিহার যেন 'ভারত-চিন' সীমান্ত
India-Bangladesh Border: কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে শুক্রবার দফায় দফায় ভারত এবং বাংলাদেশের একাধিক সীমান্তে উত্তেজনা ছড়ায়! কার্যত নজিরবিহীন ভাবে বিজিবির আস্ফালন দেখা যায়। শুধু তাই নয়, ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতীয় নাগরিকদেরই হুমকি দিতেও দেখা যায় বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানদের। যদিও পরে বিএসএফ পৌঁছতেই কার্যত 'লেজ গুটিয়ে' পালায় তারা। আর এই ঘটনার ২৪ ঘন্টা পরেও থমথমে সীমান্ত এলাকা।
কোচবিহার জেলার মেখলিগঞ্জের বাগডোকরা ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আঙ্গারপোতা দহগ্রাম ভারত এবং বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh Border) এলাকায়। সেখানেও কাঁটাতার দেওয়ার কাজ চলছিল। আর তাতেই আপত্তি জানায় বিজিবি। যদিও সেই হুমকি উড়িয়ে আজ শনিবার বেশ কিছু এলাকা জুড়ে এই কাঁটাতারের বেড়া দেওয়ার কথা ছিল স্থানীয় বাসিন্দাদের।

তবে নতুন করে যাতে অশান্তি না হয় সেজন্য সতর্ক বিএসএফ। মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বাড়ানো হয়েছে জওয়ানের সংখ্যা। স্থানীয় মানুষের দাবি, সীমান্তের ওপারে অর্থাৎ বাংলাদেশের দিকেও বিজিবি জওয়ানের সংখ্যা বাড়িয়েছে। বিভিন্ন জায়গায় বাঙ্কার তৈরি করা হয়েছে বলে খবর।
সেই ক্যাম্প থেকে নজর রাখছে বিজিবি। যদিও তাতে যে কিছু যায় আসে না তা ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছে বিএসএফ। শীর্ষ আধিকারিকরা স্পষ্ট জানিয়েছেন, বিএসএফ দায়িত্ব সম্পর্ক ওয়াকিবহাল। কোনও অংশেই যে এক ইঞ্চি জমিও যে ছাড়া হবে না তাও বুঝিয়ে দিয়েছে বিএসএফ।
জানা যায়, শুক্রবার সীমান্তের কাঁটাতারহীন প্রায় দেড় কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দিতে সক্ষম হয়েছেন গ্রামবাসীরা। তবে এখনও আরও দু' কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়া বাকি রয়েছে বলে জানা যায়। খুব শীঘ্রই তা শেষ হবে বলে খবর। জানা যায়, দীর্ঘদিন ধরেই উন্মুক্ত এই ভারত-বাংলাদেশ সীমান্ত। এর ফলে পাচার চক্র সক্রিয় বহুদিন থেকেই। শুধু তাই নয়, প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হয় সংশ্লিষ্ট ওই সীমান্ত এলাকার বাসিন্দাদের।
বিশেষ করে উন্মুক্ত ওই সীমান্ত এলাকায় চাষের জমিতে বিভিন্ন চাষাবাদ করা হলে পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন গ্রাম থেকে গৃহপালিত পশুরা এসে প্রতিনিয়ত নষ্ট করে এই ফসল। এই সমস্ত সমস্যা সুরাহার উদ্দেশ্যেই সংশ্লিষ্ট এই এলাকার বাসিন্দারা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের খরচেই কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন।

কিন্তু শুক্রবার সকাল থেকে এই বেড়া দেওয়ার কাজ শুরু করলেই তাদেরকে বাঁধা দেয় বিজিবি এবং সীমান্তবর্তী বাংলাদেশী মানুষেরা। এরপরই তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। পরবর্তীতে বিএসএফের উপস্থিতিতে অনেকাংশে এই কাঁটাতারের বেড়া দিতে সক্ষম হন তারা। তবে এই উত্তেজনা বেশি দূর গড়ায়নি। কিন্তু এই ঘটনার পর বাড়তি সতর্কতা রয়েছে সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি পুলিশ প্রশাসনেরও বলে সূত্রে খবর।












Click it and Unblock the Notifications