শিলিগুড়িতে রাম মন্দিরের রেপ্লিকা তৈরি, আলিপুরদুয়ারে চলছে গীতাপাঠ
রাত পোহালেই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন। দেশজুড়ে উন্মাদনা চলছে। শিলিগুড়িতেও রাম মন্দিরের উদ্বোধন নিয়ে উন্মাদনা দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতেই একাধিক কর্মসূচি রাখা হয়েছে।
অযোধ্যায় রাম মন্দির সহ সংলগ্ন এলাকা সেজে উঠেছে। সেজে উঠেছে গোটা দেশ। বাদ যায়নি শিলিগুড়িও। শিলিগুড়িতেও একাধিক মন্দির সেজে উঠেছে। এছাড়াও শহর শিলিগুড়ির গান্ধী চকে রাম মন্দিরের রেপ্লিকা তৈরি করা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের তরফে।

জানা গিয়েছে, রাম মন্দিরের উদ্বোধন লগ্নে শিলিগুড়িতে তিন শতাধিক মন্দিরে বিশেষ পুজো অর্চনা হবে। পাঠ হবে হনুমান চল্লিশা। এছাড়াও ভোগ বিতরণ চলবে দিনের বিশেষ সময়ে। সন্ধ্যায় লক্ষাধিক প্রদীপ জ্বালানো হবে। সেক্ষেত্রে শুধু শিলিগুড়ি নয়। প্রতিবেশী রাজ্য সিকিমও সেজে উঠেছে ইতিমধ্যে।
এই বিষয়ে সংগঠনের তরফে লক্ষ্মণ বনসল জানান, শিলিগুড়ির নৌকাঘাট মোড়ে রামের জীবন কাহিনী তুলে ধরা হবে। অন্য দিকে যারা অযোধ্যায় পৌঁছতে পারছেন না, তাদের জন্য শিলিগুড়িতেই রাম মন্দিরের রেপ্লিকা তৈরি করা হল। এই রেপ্লিকা ইতিমধ্যে সকলের নজর কেড়েছে।
আলিপুরদুয়ারেও রাম মন্দির উদ্বোধন ঘিরে উন্মাদনা তুঙ্গে। এই উপলক্ষ্যে মাদারিহাটের শিশুবাড়ি বাজারে রবিবার শোভাযাত্রা বের হয়। নেতৃত্বে ছিলেন মাদারিহাটের বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিজেপি দলের চিফ হুইপ মনোজ টিজ্ঞা। আগামী কাল এখানকার মন্দিরে কীর্তন ভজন পুজোর আয়োজন করা হবে। জায়ান্ট স্ক্রিনে রাম মন্দির উদ্বোধনও দেখানো হবে।
আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় আজ থেকে শুরু হয়েছে অখণ্ড রামায়ণ পাঠ। আগামী কাল অবধি চলবে অখণ্ড রামায়ণ পাঠ। বিজেপি কর্মী- সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে।
দুর্গাপুরে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পানাগড় রামনবমী মহোৎসব সমিতির পক্ষ থেকে।রবিবার পানাগড় বাজারের রণডিহা মোড়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়।
শিবিরে উপস্থিত ছিলেন কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল, বর্ধমান দুর্গাপুরের সাংসদ এস এস আলুয়ালিয়া, বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, কাঁকসা থানার পুলিশ আধিকারিকরা সহ বিশিষ্ট ব্যক্তিরা। ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।












Click it and Unblock the Notifications