মিজোরামের পরে এবার গাজিয়াবাদ! রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি ৩ পরিযায়ীর
মিজোরামে রেল ব্রিজ ভেঙে দুর্ঘটনায় প্রাণ গিয়েছে মালদা জেলার পরিযায়ী শ্রমিকদের। এবার আবারও ভিন রাজ্যে গিয়ে প্রাণ গেল এই রাজ্যের পরিযায়ীদের। দিল্লিতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হল তিন জনের। তারা সকলেই মুর্শিদাবাদের। এর মধ্যে সামশেরগঞ্জ দুই জন এবং ফরাক্কার বাসিন্দা একজন। মর্মান্তিক দুর্ঘটনার খবরে শোকের ছায়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকদের নাম গোকুল মন্ডল(৪৪), শুভঙ্কর রায়(৩১) এবং ইসরাইল শেখ(৩৩)। তাঁদের মধ্যে গোকুল মণ্ডলের বাড়ি সামশেরগঞ্জের ধূলিয়ান পুরসভা এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের পাহাড়ঘাঁটি এলাকা এবং শুভঙ্করের বাড়ি ধূলিয়ানের ১৬ নম্বর ওয়ার্ডের বেতবোনা গ্রামে। ইসরাইলের বাড়ি ফরাক্কা থানার ইমামনগর গ্রামে।

স্থানীয় সূত্রে খবর, মাস দুয়েক আগে বাড়ি থেকে রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে গাজিয়াবাদের সিদ্ধার্থ বিহারে গিয়েছিলেন সামশেরগঞ্জের পাহাড়ঘাটি এলাকার গোকুল মন্ডল, বেতবোনার শুভঙ্কর রায় এবং ফরাক্কার ইমামনগরের ইসরাইল শেখ। নিত্যদিনের মতো শুক্রবারও রাজমিস্ত্রি কাজ করছিলেন তারা। সেই সময় অসাবধানতাবশত তড়িদাহত হন তিন শ্রমিক।
তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এদিকে দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে সামশেরগঞ্জের পাহাড়ঘাঁটি এলাকার দুই শ্রমিকের মৃত্যুর খবর আসতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়।

শনিবার সকাল থেকেই মৃত পরিবারগুলোতে ভিড় জমান স্থানীয় মানুষজন। দিল্লির হাসপাতালে ময়নাতদন্তের পরেই দেহ বাড়ি নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তিনজনই কাজের সময় লোহার ট্রলিতে রং নিয়ে যাচ্ছিলেন। সেই সময় ট্রলিতি বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসে। দুর্ঘটনাটি ঘটে নির্মীয়মান ভবনের ২৬ তলায়।












Click it and Unblock the Notifications