ফিরে দেখা ২০২১: টোকিও প্যারালিম্পিকে ভারতের সোনা জয়ী ‘পঞ্চরত্ন’
ফিরে দেখা ২০২১: টোকিও প্যারালিম্পিকে ভারতের সোনা জয়ী ‘পঞ্চরত্ন’
অলিম্পিকের সাফল্যের মধ্যে অনেক সময়েই চোখের অগোচরে চলে যায় প্যারা অলিম্পিয়ানদের সাফল্য। কিন্তু এই বছর আর তেমনটা হবে না। ২০২০ টোকিও প্যারালিম্পিক ভারতের ক্রীড়াক্ষেত্রে স্মরণীয় হয়ে থাকবে। প্যারালিম্পিকে ইতিহাসে এই বছরই সর্বাধিক ৫৪ জন প্রতিযোগী টোকিও-এ পাঠাতে সক্ষম হয়েছে ভারত। শুধু বেশি প্রতিযোগী পাঠানোই নয় টোকিও প্যারালিম্পিক থেকে ৫টি সোনা এবং ৮টি রূপো সহ ১৯টি পদক এসেছে ভারতের ঝুলিতে। যা কল্পনাও করতে পারেননি অতি বড় ক্রীড়াপ্রেমী।
অলিম্পিকে জ্যাভলিন থ্রো-এ নীরাজ চোপড়া'র সোনা জয়ের খুশিতে যখন গোটা দেশ নাচছে তখন নীরাজের দেখানো পথেই প্যারালিম্পিকেও ভারতকে জ্যাভলিন থ্রো-এ সোনা এনে দেন সুমিতা আন্টিল। প্যারালিম্পিকে প্রথম মহিলা শ্যুটার হিসেবে দেশকে সোনা এনে দিয়েছেন অবনী লেখারা। ২০১৬ প্যারালিম্পিকে চারটি পদক পেয়েছিল ভারত। সেটাই এতদিন পর্যন্ত প্যারালিম্পিকে ভারতের সেরা পারফরম্যান্স ছিল। টোকিও প্যারালিম্পিকে সব রেকর্ডই ভেঙে যায়।
এক নজরে দেখে নিন টোকিও প্যারালিম্পিকে ভারতে সোনা জয়ী পাঁচ নক্ষত্র'কে:

অবনী লেখারা:
টোকিও প্যারালিম্পিকে ভারতের প্রথম সোনাটি এসেছিল অবনী'র হাত ধরেই। মহিলাদের আর২ দশ মিটার এয়ার রাইফেল এসএইচ৩ ফাইনালে ভারত'কে সোনা এনে দিয়েছেন তিনি। প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারালিম্পিকে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন এই প্যারা শ্যুটার। ১৯ বছর বয়সী এই তরুনীর ফাইনালে স্কোর ছিল ২৪৯.৬ যা প্যারালিম্পিকে রেকর্ড। সোনার পাশাপাশি আর৮ পঞ্চাশ মিটার রাইফেল ৩ পজিশনস এসএইচ১ ইভেন্টে দেশকে ব্রোঞ্জও এনে দিয়েছেন তিনি।

সুমিত আন্টিল:
এফ৬৪ জাভলিন থ্রো-এর ইভেন্টে ভারতকে সোনা এনে দেওয়া সুমিত-এর প্রধান খেলা জাভলিং থ্রো ছিল না। তিনি মূলত ছিলেন একজন কুস্তিগীর। ছ'বছর আগে সোনিপথে মটরবাইক দুর্ঘটনায় হাঁটুর নীচ থেকে পা হারান সুমিত। আকস্মিক দুর্ঘটনায় পা হারালেও মনের জোরকে সঙ্গে নিয়ে স্বপ্নকে বুকে ধরে এগিয়ে গিয়েছেন। সর্বোচ্চ স্তরে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন তিনি ত্যাগ করেননি এক মুহূর্তের জন্য। তারই ফসল প্যারালিম্পিকে সোনা জয়।

মনীশ নারওয়াল:
পি৪ মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ ১ ইভেন্টে ভারত'কে সোনা এনে দিয়েছেন মনীশ। মাত্র ১৯ বছর বয়সে প্যারালিম্পিকে প্রথমবার অংশ নিয়েই তাক লাগিয়ে দিয়েছন এই তরুণ শ্যুটার। সোনা জয়ের রাস্তায় ভেঙেছেন প্যারালিম্পিকে শ্যুটিং-এর রেকর্ড। এই বিভাগে বিশ্ব রেকর্ড রয়েছে হরিয়ানার বল্লবগড় থেকে উঠে আসা এই তরুণের।

প্রমোদ ভগৎ:
প্রথম ভারতীয় শাটলার হিসেবে প্যারালিম্পিকে দেশকে সোনা এনে দেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন প্রমোদ ভগৎ। এরই সঙ্গে ইতিহাসের পাতায় তুলে ফেলেছেন নিজের নাম। বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে থাকা শাটলার গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেটহেল'কে স্ট্রেট সেটে হারিয়ে সোনা জিতে নেন। ২০২১ সালেই প্রথমবার প্যারালিম্পিকে অন্তর্ভুক্তি হয় ব্যাডমিন্টনের। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন প্রথমবার-ই এই ইভেন্ট থেকে দেশকে সোনা এনে দিতে ভুল করেননি।

কৃষ্ণ নগর:
২২-বছর বয়সী কৃষ্ণ নগর ভারতের হয়ে টোকিও অলিম্পিকে পঞ্চম সোনাটি জেতেন। প্রতিযোগীতার শেষ দিন পুরুষদের সিঙ্গলসে এসএল৬ ফাইনালে হংকং-এর ম্যান কাই চু-কে হারিয়ে সোনা জেতেন কৃষ্ণ।












Click it and Unblock the Notifications