Wrestlers Protest: রাস্তার আন্দোলনে ইতি টেনে আইনি লড়াইয়ের বার্তা কুস্তিগীরদের
এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ থেকে আন্দোলন শুরু করেন কুস্তিগীররা। দাবি ছিল যৌন হেনস্থায় অভিযুক্ত ফেডারেশন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের শাস্তি। দাবি পূরণ এখনও হয়নি, চার্জসিট দাখিল হলেও গ্রেফতার এখনও হননি অভিযুক্ত ব্রিজভূষণ। এরইমধ্যে বড় ঘোষণা করলেন আন্দোলনকারী কুস্তিগীরা। রাস্তার আন্দোলনে ইতি টেনে দিলেন তাঁরা। এবার ব্রিজভূষণের সঙ্গে তাঁদের লড়াই হবে আদালতে।
অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর ভিনেশ ফোগত, সাক্ষী মালিক ও বজরং পুনিয়া একই টুইট করে তাঁদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। ধরনা বা অবস্থান বিক্ষোভের কর্মসূচি থেকে পুরোপুরি সরে এলেন তাঁরা।
এই পরিস্থিতিতে কুস্তিগীররা ন্যায়বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাবেন। তবে এই লড়াই এবার চলবে আদালতে। তাঁরা আর রাস্তায় নেমে আন্দোলন করবেন না। ভারতীয় কুস্তি ফেডারশনের সংস্কারের প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচনের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।
.

কুস্তিগীররা আরও বলেন, 'অনেকেই আমাদের জিজ্ঞাসা করছেন, আমরা কেন চুপ করে আছি। আমরা ১৫ জুন পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার কথা বলেছিলাম। আমাদের লড়াই চলবে। ম্যাটে হোক বা ম্যাটের বাইরে, ন্যায়বিচারের দাবিতে আমাদের লড়াই চলবে।'
— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) June 25, 2023
অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক লিখেছেন, 'ফেডারেশনের সংস্কারের বিষয়ে প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। যার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ১১ জুলাই। এ বিষয়ে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নের অপেক্ষায় থাকব আমরা।'

সামনেই এশিয়ান গেমস। সেখানে অংশ নিতে চান সাক্ষীরা। সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। এমন অবস্থায় রাস্তায় নেমে প্রতিবাদ করা কঠিন ছিল তাঁদের পক্ষে। ১৫ জুলাইয়ের মধ্যে যোগ্যতা অর্জন করতে হবে ভারতীয় কুস্তিগীরদের। তাঁরা সময় বাড়ানোর আবেদন করলেও তা মানেনি এশীয় অলিম্পিক্স সংস্থা।
বিগত কয়েকমাস ধরে কুস্তিগীরদের ব্রিজভূষণ সিংহের ওপর যে অভিযোগ ছিল যৌন হেনস্থা করার, সেই ইস্যুতে সামনের সারির মুখ এই সাক্ষী। সঙ্গে ছিলেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগাতও।













Click it and Unblock the Notifications