Wrestlers Protest: কুস্তিগীরদের পাশে এবার কেজরিওয়ালও, চাপ বাড়ছে ফেডারেশনের ওপর
রাজনীতির রং আরও চড়ল কুস্তিগীরদের প্রতিবাদ ঘিরে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিন প্রতিবাদরত কুস্তিগীরদের সঙ্গে সাক্ষাৎ করলেন। স্পোর্টস ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে দেশের সেরা কুস্তিগীরদের একাংশ বিক্ষোভে শামিল হয়েছেন। তাঁদের পাশে এসে এদিন দাঁড়ালেন কেজরিওয়াল।
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বিক্ষোভরত কুস্তিগীরদের পাশে দাঁড়ান। তারপরে এদিন কেজরিওয়ালকেও কুস্তিগীরদের পাশে দাঁড়াতে দেখা গেল। তিনি বললেন, দেশের সমস্ত নাগরিকেরা যাঁরা দেশকে ভালোবাসেন, তাঁরা এই কুস্তিগীরদের পাশে রয়েছেন।

দিল্লি পুলিশ শুক্রবার দুটি আলাদা এফআইআর করেছে স্পোর্টস ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। তার আগে বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগতরা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তারপরই আদালতের নির্দেশ পেলে পুলিশ তৎপর হয়।
গত এক সপ্তাহ ধরে দিল্লির যন্তর-মন্তরে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন দেশের কৃতী কুস্তিগীররা। তাঁরা চান, স্পোর্টস ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ শরণ সিং, যিনি একজন বিজেপি সাংসদও বটে, তাঁকে এই ঘটনায় গ্রেফতার করা হোক।
এদিন কেজরিওয়াল প্রতিবাদ মঞ্চে উপস্থিত হয়ে বলেন, এই অ্যাথলিটরা আন্তর্জাতিক মঞ্চে দেশকে গর্বিত করেছেন। গত এক সপ্তাহ ধরে তাঁরা প্রতিবাদ করছেন। কারণ এক ক্ষমতাশালী রাজনীতিবিদ মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করেছেন। এই ঘটনার বিচার হওয়া প্রয়োজন। দেশের কৃতী অ্যাথলিটরা সুবিচার পান, দাবি তুলেছেন কেজরিওয়াল।

স্পোর্টস ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ শরণ সিং তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এমনকী পদত্যাগ করবেন না বলেও জানিয়েছেন। তাঁর কথায়, তিনি নির্দোষ, তদন্তে সবরকমের সহযোগিতা করবেন। পদত্যাগের অর্থ একপ্রকার দোষ স্বীকার করে নেওয়া। এটা করতে চান না বলেই পদত্যাগের বিষয়টি উড়িয়ে দিয়েছেন ব্রিজভূষণ।
প্রসঙ্গত, কুস্তিগীরদের সপ্তাহখানেকের বেশি অবস্থান বিক্ষোভে আদতে রাজনীতির রং লেগে একাকার। যেহেতু প্রতিবাদ এক বিজেপি সাংসদের বিরুদ্ধে তাই বিরোধী রাজনৈতিক দলগুলি এই বিক্ষোভের মঞ্চকে বেছে নিয়েছে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, কৃষকনেতা রাকেশ টিকায়েত, কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক, সিপিএম নেত্রী বৃন্দা কারাতের মতো নেতা-নেত্রীরা ইতিমধ্যে অবস্থান মঞ্চে গিয়ে পাশে দাঁড়িয়েছেন। এখন দেখার শেষ অবধি জল কোথায় গিয়ে দাঁড়ায়।












Click it and Unblock the Notifications