বিরাটের ব্যাটে ভর করে টি ২০ বিশ্বকাপের ফাইনালে আবারও ভারত

দক্ষিণ আফ্রিকার ১৭৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামে ভারত। ৫ বল বাকি থাকতেই দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌছে যায় ভারত। এদিনে ব্যাট হাতে জ্বলে ওঠেন বিরাট। অপরাজিত ৭২ রানে এদিনের নায়ক বিরাটই।
রবিবার শ্রীলঙ্কার সঙ্গে ফাইনালে যুদ্ধে নামবে মেন ইন ব্লু। এদিনের নায়ককে উইনিং স্ট্রোক নেওয়ার সুযোগ করে দিতে ইচ্ছাকৃতভাবে এক রান নেননি অধিনায়ক। এদিন রক্ষাকর্তার ভূমিকায় দেখা গেল বিরাটকে। পাঁচটি চার ও দুটি ছয়ের সাহায্যে ৪৪ বলে মারকুটে ৭২ রান আসে বিরাটের ব্যাট থেকে। এদিনের হিরো বিরাট হলেও ৯ বলে ২১ রান করে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন সুরেশ রায়না।
এদিন সেভাবে সুবিধা করতে পারেননি যুবরাজ (১৮ রানে আউট)। তবে রোহিত শর্মা শুরুটা করেছিলেন ভাল। প্রথম ওভারেই স্কোরবোর্ডে ১৪ রান যোগ হয়।
এদিন দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ডুপ্লেসিস আর জেপি দুমিনির ব্যাটিংয়ের সৌজন্যে ৪ উইকেটে ১৭২ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ডুপ্লেসিস ৫৮ এবং দুমিনি ৪৫ রান করেন। ভারতের পক্ষে বল হাতে একমাত্র সফল হন অশ্বিন। তিনি তিন উইকেট পেয়েছেন।
এদিনের এই জয় দিয়েই আইপিএল কেলেঙ্কারিতে জড়িত থাকার কলঙ্ক ঘোচালেন। ইতিমধ্য়েই ঝুলিতে রয়েছে একটা ওয়ান ডে বিশ্বকাপ, একটা টি-টোয়েন্টি বিশ্বকাপ, একটা চ্যাম্পিয়নস লিগ। এবারের টি-টোয়েন্টি জিতলে জোড়া টি-২০ ওয়ার্ল্ড কাপ ঢুকবে ভারতের ঘরে।
এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে ফাইনালেও ফেভারিট দল ভারতই। চাপের মধ্যেও মাথা ঠান্ডা করে যেভাবে এদিন খেললেন বিরাট তার প্রশংসা করেছেন অধিকাংশ প্রাক্তন ক্রিকেটাররাও। এদিনের ব্যাটিং পারফরমেন্সকে নিজের সেরা পারফরম্যান্স বলেও জানিয়ে দিলেন বিরাট।
যে পরিস্থিতিতে আজ ব্যাট করতে নেমেছিলেন সেই পরিস্থিতিতে মাথায় রাখলে এদিনের আমার পারফরম্যান্স ছিল সেরাগুলির মধ্যে একটি। জানালেন বিরাট। তবে একই সঙ্গে এও জানালেন, অন্য টি ২০ ম্যাচগুলোয় এর থেকে ভাল ভাবে বলগুলোকে মাঠের বাইরে পাঠিয়েছিলেন বলে তিনি নিজে মনে করেন।
২৫ বছরের এই স্টাইলিশ ক্রিকেটারের যে মহিলা ভক্তের সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে। এখন তো বিয়ের প্রস্তাবও পেতে শুরু করেছেন। এদিন বিরাটের দুর্দান্ত ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে,ইংল্যান্ডের তারকা মহিলা ক্রিকেটার ড্যানিয়েল ওয়াট টুইটারে কোহলিকে বিয়ের প্রস্তাব পাঠিয়েই দিলেন।












Click it and Unblock the Notifications