বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই পদকের আশা জাগালেন অবিনাশ ও মুরলী
ওরেগনে শুরু হয়েছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। ভারতের দুই অ্যাথলিট প্রথম দিনেই পদকের আশা জাগিয়েছেন। তিন হাজার মিটারের ফাইনালে উঠেছেন অবিনাশ সাবলে। পুরুষদের লং জাম্পের ফাইনালে ভারতীয় সময় কাল সকালে পদক জয়ের লক্ষ্যে নামবেন মুরলী শ্রীশঙ্কর। তবে শট পুটে হতাশ করেছেন তেজিন্দরপাল সিং তুর।
|
সাবলে ফাইনালে
জাতীয় রেকর্ডধারী অবিনাশ সাবলে তিন হাজার মিটার স্টিপলচেজের হিটে তৃতীয় স্থান অধিকার করে ফাইনালে পৌঁছেছেন। তিনি সময় নেন ৮ মিনিট ১৮.৭৫ সেকেন্ড। এই নিয়ে টানা দ্বিতীয়বার তিনি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন। দিনের শুরুটা অবশ্য ভারতের মোটেই ভালো হয়নি। ২০ কিলোমিটারের রেসওয়াকে প্রিয়াঙ্কা গোস্বামী ও সন্দীপ কুমার যথাক্রমে ৩৪ ও ৪০তম স্থান দখল করায় ছিটকে যান।
|
ইতিহাস গড়লেন শ্রীশঙ্কর
লং জাম্পে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট আদায় করে নিয়েছেন মুরলী শ্রীশঙ্কর। তিনি ৮ মিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম হন। এই ইভেন্টের ফাইনাল কাল ভারতীয় সময় সকাল ৬টা ৫০ মিনিটে। ভালো প্রয়াস চালিয়েও অবশ্য শেষ অবধি ভারতের দুই লং জাম্পার ফাইনালে উঠতে পারেননি। জেসউইন অলড্রিন ও মহম্মদ আনিস ইয়াহিয়া যথাক্রমে ৭.৭৯ মিটার ও ৭.৭৩ মিটার লাফ দিতে সক্ষম হন।
|
হতাশ করলেন তুর
তবে প্রথম দিনে ভারতের ক্রীড়াপ্রেমীদের সবচেয়ে বেশি হতাশ করেছেন তেজিন্দরপাল সিং তুর। তিনি এশিয়ান ও জাতীয় রেকর্ডের মালিক। ২১.৪৯ মিটার থ্রোয়ের নজির রয়েছে তাঁর। ফলে মনে করা হচ্ছিল তাঁর ফাইনালে উঠতে সমস্যা হবে না। যোগ্যতা অর্জনের মান ছিল ২১.২০ মিটার। চলতি মরশুমে তুরের সেরা পারফরম্যান্স ছিল ২০.৩৪ মিটার। তবে এদিন একটিও থ্রো না করে আচমকা সরে দাঁড়ান তুর। তিনি কেন 'রিটায়ার্ড' হলেন সেই কারণ অবশ্য স্পষ্ট নয়। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ওয়েবসাইটে তুরের নামের পাশে r লেখা রয়েছে।
|
নজর রাখুন
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে আজ ভারতীয় সময় রাত ১১টা ২০ মিনিটে মহিলাদের ৩ হাজার মিটার স্টিপলচেজের হিট ২-এ নামবেন ভারতের পারুল চৌধুরী। ভারতীয় সময় রাত ১টা ৫৭ মিনিটে পুরুষদের ৪০০ মিটারের হার্ডলসের হিট ২-এ নামবেন এমপি জাবির। সকাল ৬টা ৫০ মিনিটে পুরুষদের লং জাম্পের ফাইনালে শ্রীশঙ্করের দিকে থাকবে নজর। সোনি স্পোর্টস নেটওয়ার্ক সম্প্রচার করছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ।












Click it and Unblock the Notifications