Women's ACT 2024: তাইল্যান্ডকে ১৩ গোল, দীপিকার একারই ৫টি! এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত
Women's ACT 2024: মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। বিহারের রাজগীরে চলা এই টুর্নামেন্টে আজ জয়ের হ্যাটট্রিক সারল গতবারের চ্যাম্পিয়নরা।
তাইল্যান্ডকে চূর্ণ করল ১৩-০ গোলে। মালয়েশিয়াকে ৪-০ ও দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারিয়েছিল ভারত। এদিন পাঁচটি গোল করলেন দীপিকা।

আজ আগাগোড়া আক্রমণাত্মক খেলা উপহার দিয়েছে হরেন্দ্র সিংয়ের প্রশিক্ষণাধীন ভারতীয় মহিলা হকি দল। ম্যাচের তিন মিনিটেই দীপিকা গোল করে দলকে এগিয়ে দেন। প্রীতি দুবে গোল করেন ৯ মিনিটের মাথায়। ১২ মিনিটে লালরেমসিয়ামির গোলে ব্যবধান বেড়ে হয় ৩-০।
এরপর ১৯ মিনিটে দীপিকার দ্বিতীয় গোল। বিউটি ডুংডুং গোল করেন ৩০ মিনিটে। ফলে প্রথমার্ধেই নির্ধারিত হয়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য। এর আগে, চিনের বিরুদ্ধে ১৫ গোল হজম করেছিল তাইল্যান্ড। সেই রেকর্ড ভারত ভাঙতে পারবে কিনা তা নিয়েই বিরতিতে চর্চা চলতে থাকে।
প্রথম কোয়ার্টারে তিনটি, দ্বিতীয় কোয়ার্টারে ভারত ২টি গোল পেয়েছিল। বাকি ৩০ মিনিটে ভারত আরও ৮টি গোল করে। যার চারটিই আসে পেনাল্টি কর্নার থেকে। প্রীতির দ্বিতীয় গোলটি এসেছে ৪০ মিনিটে। এরপর দীপিকা আরও তিনটি গোল করেন, যার দুটি জোরালো ড্র্যাগফ্লিকে।
নবনীত কৌর ৫৩ মিনিটে এবং মণীষা চৌহান ৫৫ ও ৫৮ মিনিটে গোল করেন। লালরেমসিয়ামির দ্বিতীয় গোলটি আসে ৫৬ মিনিটে। সেমিফাইনালের আগে ভারতকে এবার দুটি কঠিন চ্যালেঞ্জ সামলাতে হবে। ম্যাচ বাকি চিন ও জাপানের বিরুদ্ধে।
তবে ভারতীয় দল চলতি টুর্নামেন্টে যেভাবে গোল করছে, পেনাল্টি কর্নারকে গোলে রূপান্তরিত করছে তা স্বস্তিতে রাখবে কোচ হরেন্দ্র সিংকে। তাছাড়া সঙ্গীতা কুমারীকে ছাড়াই প্রতিপক্ষের জালে ১৩টি গোল জড়ানো নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাস বাড়াল অনেকটাই।












Click it and Unblock the Notifications