Women's Asian Champions Trophy 2024: চূর্ণ চিন! মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারতের চতুর্থ জয়
Women's Asian Champions Trophy 2024: মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সেমিফাইনালে জায়গা পাকা করে নিয়েছে আগেই। শনিবার ভারতীয় দল ছিনিয়ে নিল টানা চতুর্থ জয়।
বিহারের রাজগীরে চলতে থাকা এই টুর্নামেন্টে ভারতের সামনে শনিবার ছিল চিন। প্রতিপক্ষ শক্তিশালী হলেও তাদের বিরুদ্ধে দাপুটে জয় পেল ভারত।

ভারতের গোলগুলি করেন সঙ্গীতা কুমারী, অধিনায়ক সালিমা টেটে ও দীপিকা। ভারতের রক্ষণভাগও ছিল জমাট। ফলে চিন একটিও গোল করতে পারেনি। চারটি ম্যাচের চারটিতেই জেতায় ভারতীয় দলের মনোবল ও আত্মবিশ্বাস এখন তুঙ্গে।
ভারতের পয়েন্ট এখন ৪ ম্যাচে ১২। চিনও ভারতের বিরুদ্ধে খেলার আগে জয়ের হ্যাটট্রিক সেরেছিল। চলতি টুর্নামেন্টে প্রথমবার পরাস্ত হওয়া চিনের ঝুলিতে রয়েছে ৯ পয়েন্ট। ভারতের সঙ্গেই সেমিফাইনালে যাওয়ার ছাড়পত্র পেয়ে গিয়েছে চিন।
প্রথম কোয়ার্টারে দুই দলের তুল্যমূল্য লড়াই হলেও শুরু থেকেই একটু হলেও চিনের চেয়ে ভালো খেলছিল ভারতই। রক্ষণ আগলে প্রতি-আক্রমণে যাওয়ার চেষ্টা করছিল চিন। কিন্তু ভারতের ব্যাকলাইন শক্তিশালী হওয়ায় গোলমুখ কিছুতেই খুলতে পারছিল না।
প্রথমার্ধে খেলার ফল ছিল গোলশূন্য। বিরতির পর সঙ্গীতা প্রথম গোলটি করেন। সুশীলা চানুর থেকে বল পেয়ে তা জালে জড়ান সঙ্গীতা। এর ৫ মিনিট পরেই ভারত ব্যবধান বাড়ায় সালিমা টেটের গোলের সৌজন্যে। বিউটি ডুংডুং দারুণ পাস বাড়ান প্রীতি দুবেকে, তিনি পাঠিয়ে দেন অধিনায়কের কাছে। খুব কাছ থেকে প্রথম প্রয়াসেই গোল করেন টেটে।
চিন সমতা ফেরানোর চেষ্টা চালালেও ভারতের রক্ষণভাগে প্রতিহত হতে থাকা তাদের প্রয়াস। সুশীলা ও উদিতা প্রশংসনীয় পারফরম্যান্স উপহার দেন রক্ষণভাগে। শেষ কোয়ার্টারেও ভারত দাপট দেখাতে থাকে। চিন গোল পাওয়াক প্রত্যাশায় গোলকিপারকে তুলে নেয়। ম্যাচের শেষ লগ্নে ভারত জোড়া পেনাল্টি কর্নার আদায় করে নেয়।
পেনাল্টি কর্নার থেকেই ড্র্যাগফ্লিকে টুর্নামেন্টে নিজের অষ্টম গোলটি করেন দীপিকা। রবিবার ভারতের সামনে গ্রুপ পর্বের শেষ ম্য়াচে প্রতিপক্ষ জাপান। মঙ্গলবার রয়েছে সেমিফাইনাল।












Click it and Unblock the Notifications