গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক জিতেছিলেন কে? দল হিসেবে ভারতের যোগদান কবে?
গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক জিতেছিলেন কে? দল হিসেবে ভারতের যোগদান কবে?
ক্রীড়া বিশেষজ্ঞদের মতে টোকিও অলিম্পিকে ইতিহাস রচনা করতে চলেছে ভারত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তেরঙার প্রতিনিধি হিসেবে এবারই সর্বাধিক সংখ্যক অ্যাথলিট অংশ নিতে চলেছেন। সেই আশা-আকাঙ্খার আবহে দেখে নেওয়া যাক ভারতের হয়ে গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বপ্রথম পদক জিতেছিলেন কে? দল হিসেবে ভারত কোন সালে প্রথম গেমসে অংশ নেয়? এ ব্যাপারে বিস্তারিত জেনে নিন।

ভারতের হয়ে অলিম্পিকে প্রথম পদক জিতেছিলেন কে?
১৯০০ সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল অলিম্পিক। সেটি ছিল বিশ্বের ইতিহাসে দ্বিতীয় অলিম্পিক। যাতে অংশ নিয়েছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত কলকাতা নিবাসী নর্ম্যান প্রিচার্ড। ৬০ মিটার, ১০০ মিটার, ২০০ মিটার, ১১০ মিটার হার্ডেলস, ২০০ মিটার হার্ডেলস অংশ নিয়েছিলেন প্রিচার্ড। রূপো সহ তিনি দুটি পদক জিতেছিলেন। তৃতীয় পদকের খুব কাছ থেকে ফিরে আসতে হয়েছিল প্রিচার্ডকে। এই পদক ইংল্যান্ড না ভারতের, তা নিয়ে বিতর্ক হয়েছিল বলে শোনা যায়। পরিশেষে ওই গেমসে নর্ম্যান প্রিচার্ডকে ভারতীয় বলেই ঘোষণা করা হয়েছিল।

সরকারিভাবে অলিম্পিকে ভারতীয় দল
নর্ম্যান প্রিচার্ডের পদক জয়ের ২০ বছর পর অলিম্পিকে দল হিসেবে অংশগ্রহণের সুযোগ পেয়েছিল ভারত। ১৯২০ সালের আন্টভের্প গেমসে অংশ নিয়েছিল পাঁচ সদস্যের ভারতীয় দল। দোরাবজি টাটা ও বম্বের (বর্তমান মুম্বই) তৎকালীন গভর্নর জর্জ লয়েডের আন্তরিক প্রচেষ্টায় এই ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হয়েছিল দেশ। সেবার মোট দুটি স্পোর্টিং ইভেন্টে অংশ নিয়েছিল ভারত। অ্যাথলেটিক্সে অংশ নিয়েছিলেন পুরমা বন্দ্যোপাধ্যায়, ফাড়েপ্পা চাউগুলে ও সদাশিব দাতার। কুস্তি ইভেন্টে অংশ নিয়েছিলেন কুমার নাভালে ও রনধীর শিন্দেস।

অলিম্পিকে ভারতের পদক
১৯২০ থেকে এখনও পর্যন্ত অলিম্পিকে মোট ৯টি সোনার পদক জিতেছে ভারত। সাতটি রূপো এবং ১২টি ব্রোঞ্জও পদক জিতেছেন তেরেঙার প্রতিনিধিত্ব করা অ্যাথলিটরা। ১৯২৮ সালে অ্যামস্টারডাম অলিম্পিকের হকি ইভেন্টে সোনা জিতেছিল ভারত। ১৯৩২, ১৯৩৬, ১৯৪৮, ১৯৫২, ১৯৫৬, ১৯৬৪ ও ১৯৮০ সালের অলিম্পিকের হকি ইভেন্ট থেকেও সোনা জিতেছিল ভারত। ২০০৮ সালের বেজিং অলিম্পিকে প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছিল ভারত। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। এরপর অলিম্পিক থেকে আর সোনার পদক হাসিল করতে পারেনি ভারত।

বড় দল বড় আশা
টোকিও অলিম্পিকে ভারত থেকে অংশ নেবে ১১৯ জন অ্যাথলিট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ দেশের থেকে এত সংখ্যক অ্যাথলিট গেমসে অংশ নেননি। ফলে এবার পদক জয়ের নিরিখেও ভারত ইতিহাস রচনা করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে শুটিং, আর্চারি, হকি, বক্সিং, কুস্তি সহ বেশকিছু ইভেন্ট থেকে ভারত এবার সোনাও জিততে পারে বলে আশা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications