WFI Elections: ব্রিজ ভূষণের প্যানেলের সভাপতি পদে কে? থাকছেন বাংলার প্রতিনিধিও
আগামী ১২ অগাস্ট ভারতীয় কুস্তি ফেডারেশনে নির্বাচন। দীর্ঘদিন ধরেই ভারতীয় কুস্তি সংস্থার শীর্ষে ছিলেন ব্রিজ ভূষণ শরণ শিং। কিন্তু এবার তিনি নির্বাচনে প্রতিন্দন্দ্বীতা করছেন না। ভোটের লড়াইয়ে না থাকলেও সংস্থার রাশ নিজের হাতেই রাখতে মরিয়া এই বিজেপি সাংসদ। নির্বাচনের আগে নিজের মতো করেই ঘুঁটি সাজাচ্ছেন তিনি।
সভাপতি, বর্ষীয়ান সহ সভাপতি, চার সহ সভাপতি, সচিব, দুই যুগ্ম সচিব, কোষাধক্ষ্য, পাঁচ কার্যকরী কমিটির সদস্য এই পদগুলিতেই নির্বাচন হবে। কুস্তি ফেডারেশনের বিশেষ সাধারণ সভা তথা নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন হবে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তিও জারি হয়েছে নির্বাচনের।

কিন্তু কে হবেন সভাপতি পদের প্রার্থী। এই নিয়ে জল্পনা তুঙ্গে। রবিবার দিল্লির একটি বিলাসবহুল হোটেলে বৈঠক ডেকেছিলেন ব্রিজভূষণ। সেখানে ২২টি রাজ্য সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে দাবি করেছেন তিনি। বৈঠকে থাকা এক রাজ্য সংস্থার আধিকারিক জানিয়েছেন, অসম, ওড়িশা ও হিমাচল প্রদেশ ছাড়া বাকি সব রাজ্য সংস্থা উপস্থিত ছিল। সেখানেই মোটামুটি নিজের প্যানেল চূড়ান্ত করে ফেলেছেন ব্রিজ ভূষণ।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে, সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে নিজের প্যানেল নিয়ে একপ্রস্থ আলোচনা করেন বিজেপি সাংসদ। ব্রিজ ভূষণ গোষ্ঠীর এক সূত্র জানিয়েছেন, 'সঞ্জয় কুমার সিং আমাদের সভাপতি পদপ্রার্থী। দিল্লি কুস্তি সংস্থার প্রধান জয় প্রকাশকে রাখা হচ্ছে বিকল্প প্রার্থী হিসাবে।'

সেই সূত্র আরও জানিয়েছেন, 'সঞ্জয়ের মনোনয়ন গৃহীত হলে চণ্ডীগড়ের দর্শন লাল বা জয় প্রকাশ সচিব পদে লড়বেন। অর্থ সচিব পদে আমাদের প্রার্থী সত্য পাল দেশওয়াল। সহ সভাপতি পদে লড়াইয়ে আছেন বাংলার কুস্তি সংস্থার প্রধান অসিত কুমার সাহা এবং গুজরাতের আইডি নানাবতী।'
ব্রিজ ভূষণের প্যানেলে থাকতে পারেন একাধিক অলিম্পিয়ানের নামও। তবে প্রতিপক্ষ শিবির থেকে কারা মনোনয়ন জমা দিয়েছেন তা এখনও স্পষ্ট নয়।

সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে দিল্লির আইওএ অফিসে যান ব্রিজ ভূষণ। সেখান থেকে বেরিয়ে ব্রিজ ভূষণ শরণ সিং বলেন, 'আজ মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। ২২ রাজ্য সংস্থার প্রতিনিধিরা এখানে এসেছেন। তাদের সঙ্গে দেখা করেছি। অনেকেই মনোনয়ন জমা দিচ্ছেন। তবে সেই তালিকায় আমার পরিবারের কোনও সদস্য নেই। প্রথম নির্বাচন হোক, তারপর যারাই জিতবে তাঁরা আশা করছি ভালো কাজ করবেন।'












Click it and Unblock the Notifications