WFI Election: চূড়ান্ত নয় ভোটার তালিকা, পিছিয়ে যেতে চলেছে কুস্তি ফেডারেশনের নির্বাচন
পিছিয়ে যেতে চলেছে ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন। আগামী ৬ জুলাই কুস্তি ফেডারেশনের বিশেষ সাধারণ সভা তথা নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছিল। ইতিমধ্যেই বিজ্ঞপ্তিও জারি হয়েছে নির্বাচনের। কিন্তু পাঁচ বহিষ্কৃত রাজ্যকে নিয়ে জটিলতা তৈরি হয়েছে। যার জেরে পিছিয়ে যেতে চলেছে নির্বাচন।
২০২২ সালে নিয়মভঙ্গের অভিযোগে পাঁচ রাজ্যকে বহিষ্কার করে আইওএ। এই রাজ্যগুলি হল মহারাষ্ট্র, হরিয়ানা, হিমাচল প্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান। ফলে ফেডারেশেনর নির্বাচনে এই রাজ্যগুলির অংশগ্রহণ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। সম্প্রতি এই পাঁচ রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে আইওএ। কিন্তু তাতেও কোনও রফাসূত্র বেরোয়নি। ফলে ৬ জুলাইয়ের পরিবর্তে আগামী ১১ জুলাই হতে পারে নির্বাচন।

সারা দেশে কুস্তি ফেডারেশনের অনুমোদিত ২৫টি ইউনিট(রাজ্য সংস্থা) রয়েছে, পাশাপাশি ২টি কেন্দ্রশাসিত অঞ্চল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইলেক্টোরাল কলেজ গঠনের জন্য প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নাম পাঠাতে হবে ১৯ জুনের মধ্যে। প্রতিটি সংস্থার দুই জন ভোট দিতে পারবেন, প্রত্যেকের থাকবে একটি করে ভোটাধিকার। ২২ জুনের মধ্যে শেষ হবে বাছাই পর্ব।

যতদিন না কুস্তি ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ততদিন নির্বাচনের যাবতীয় কাজের বিষয়-সহ সমস্ত সিদ্ধান্ত মহেশ মিত্তাল আলোচনা করবেন কুস্তি ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সদস্যদের সঙ্গে। এবং তিনিই এই নির্বাচনের রির্টার্নিং অফিসারকে নিযুক্ত করতে পারবেন।













Click it and Unblock the Notifications