WFI Suspension: WFI-এর সাসপেনশন প্রত্যাহার করুক কেন্দ্র, নচেৎ আইনি লড়াই, বার্তা সভাপতি সঞ্জয়ের
WFI Suspension: ভারতের কুস্তি ফেডারেশনকে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক যে সাসপেন্ড করেছে তা এবার আইনি লড়াইয়ের দিকে যেতে পারে। ফেডারেশন সভাপতি সঞ্জয় সিং তেমনই আভাস দিয়েছেন।
কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ইতিমধ্যেই ভারতীয় অলিম্পিক সংস্থাকে নির্দেশ গিয়েছে কুস্তি ফেডারেশনের জন্য অ্যাড-হক কমিটি তৈরি করে দেওয়ার জন্য। যদিও সাসপেনশন প্রত্যাহারের দাবিতে অনড় সঞ্জয়।

অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ২০ ন্যাশনালস আয়োজনের ঘোষণার আগে কুস্তিগীরদের পর্যাপ্ত সময় না দেওয়ার অভিযোগ উঠেছে। তড়িঘড়ি সিদ্ধান্ত ঘোষণা করায় যথাযথ প্রক্রিয়া মানা হয়নি বলে ফেডারেশনকে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।
ফেডারেশনের সভাপতি সঞ্জয় সিং ভারতের কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ বলে ইতিমধ্যেই প্রতিবাদে সামিল হয়েছেন তারকা কুস্তিগীররা। তারপরই ফেডারেশনকে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সাসপেনশন অন্য মাত্রা যোগ করেছেন।
ব্রিজভূষণ বিজেপি সাংসদ। তবে লোকসভা নির্বাচনের আগে কুস্তিগীরদের ইস্যুতে দলকে যাতে অস্বস্তিতে না পড়তে হয়ে সে কথা মাথায় রাখছে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি। ফেডারেশনে নতুন কমিটি এলেও তা ব্রিজভূষণের অঙ্গুলিহেলনে চলছে বলেও অভিযোগ।
ফেডারেশনের কাজকর্মে ন্যাশনাল স্পোর্টস কোড লঙ্ঘিত হয়েছে বলেও মনে করছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। সঞ্জয় সিং যদিও অভিযোগ খণ্ডন করে বলেছেন, কোনও নিয়ম অমান্য করা হয়নি। আমরা চাই কেন্দ্র সাসপেনশন প্রত্যাহার করুক। তা না করা হলে আমরা আইনি পথে গিয়ে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাব।
ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতির দাবি, কোন নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা দেখিয়ে দিতে আমরা প্রস্তুত। তার প্রমাণ রয়েছে। সর্বসম্মতভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি ব্যক্তিগত মতামত চাপিয়ে দিইনি। ২৪টি রাজ্য সংস্থার লিখিত সম্মতি ই-মেলের মাধ্যমে পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সঞ্জয় সিং ও ব্রিজভূষণ শরণ সিংয়ের মধ্যে আত্মীয়তা থাকার যে দাবির কথা বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে তাও খারিজ করেছেন ফেডারেশনের বর্তমান সভাপতি। সঞ্জয় বলেন, আমরা এক সম্প্রদায়ের নই। তাহলে আত্মীয়তার কথা আসছে কোথা থেকে? আগের কমিটিতে ব্রিজভূষণ সভাপতি ছিলেন, আমি যুগ্ম সচিব। সেই কারণে তাঁর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। এর বেশি কিছু নয়। প্রয়োজনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে কিংবা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকে গিয়ে কথা বলতেও প্রস্তুত সঞ্জয় সিং। একদিকে তারকা কুস্তিগীরদের ক্ষোভ, অন্যদিকে আইনি লড়াইয়ের ঝক্কি। অস্বস্তি বাড়ছে বিজেপি তথা কেন্দ্রের।












Click it and Unblock the Notifications