Vinesh Phogat: ভিনেশ জুলনায় ভোটের প্রচারে, রেল পদত্যাগ গ্রহণ করে অব্যাহতির প্রক্রিয়া শুরু করল
Vinesh Phogat: ভিনেশ ফোগাট শুরু করে দিলেন নির্বাচনী প্রচার। তাঁকে হরিয়ানা বিধানসভা নির্বাচনে জুলনা কেন্দ্র থেকে প্রার্থী করেছে কংগ্রেস। আজ থেকেই ভোট প্রচারে নেমে পড়লেন অলিম্পিয়ান কুস্তিগীর।
রাঠি সম্প্রদায়-সহ সাতটি খাপ পঞ্চায়েতের তরফে তাঁকে স্বাগত জানানোর কর্মসসূচি রয়েছে। সেই জনসভায় বক্তব্যও পেশ করবেন ভিনেশ।

জাঠ অধ্যুষিত হরিয়ানার বাঙ্গার অঞ্চলে জুলনা বিধানসভা কেন্দ্রটি থেকে গত ১৫ বছরে ন্যাশনাল লোক দল ও জননায়ক জনতা পার্টির বিধায়করা নির্বাচিত হয়ে এসেছেন। ২০০৯ ও ২০১৪ সালে নির্বাচিত হয়েছেন আইএনএলডি-র পরমিন্দর সিং এবং ২০১৯ সালে নির্বাচিত হয়েছেন জেজেপির অররজিৎ ধান্দা।
ভিনেশ জাঠ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবেন বলে এই আসনে এবার চিত্তাকর্ষক দ্বৈরথের সম্ভাবনা রয়েছে। ভিনেশের শ্বশুর রাজপাল রাঠি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ভিনেশকে স্বাগত জানাতে প্রস্তুত ঘরওয়ালি, খেরা ভক্ত, জামোলা, করেলা, জয়জয়ন্তী, ঘেরতি খাপের প্রতিনিধিরা।
ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া প্রথমে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ সারেন। এরপর গত শুক্রবার যোগ দেন কংগ্রেসে। ভিনেশ বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। মহিলাদের সুরক্ষা-সহ সমস্ত কিছুতেই যেভাবে কংগ্রেস পাশে থাকে সে কারণেই তিনি কংগ্রেসে যোগ দিলেন বলে জানিয়েছিলেন ভিনেশ।
এদিকে, ভিনেশ ও বজরং উত্তর রেলওয়ে থেকে পদত্যাগ করেছেন। তাঁদের পদত্যাগ গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। আজ বা যত দ্রুত সম্ভব তাঁদের ছেড়ে দেওয়া হবে রেলের তরফে। সাধারণভাবে তিন মাসের নোটিশ পিরিয়ড দেওয়ার নিয়ম কর্মচারীদের পদত্যাগের ক্ষেত্রে। তবে এই দুই কুস্তিগীরের জন্য সেই নিয়ম কঠোরভাবে প্রয়োগের পথে হাঁটছে না রেল।
উল্লেখ্য, ভিনেশ ও বজরং রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের পরই তাঁদের শোকজ নোটিশ পাঠায় উত্তর রেল। সরকারি কর্মচারী হিসেবে যে নিয়ম মেনে চলার কথা সেই সংক্রান্ত বিষয় মাথায় রেখেই শোকজ করা হয়েছিল। এরপর দুজনেই পদত্যাগপত্র পাঠান। এমন জল্পনাও ছিল তিন মাসের নোটিশ পিরিয়ডের বিষয় থাকায় ভিনেশ হয়তো নির্বাচনে লড়বেন না। কিন্তু পদত্যাগ করায় এবং রেল তাঁদের পদত্যাগ গ্রহণ করে দ্রুত অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ভিনেশের ভোটে লড়তে বাধা নেই।












Click it and Unblock the Notifications