কেন্দ্রের উপর চাপ বাড়ালেন কুস্তিগীররা, যন্তর মন্তর থেকে হুঙ্কার ভিনেশ-বজরং-সাক্ষীর
কেন্দ্রীয় সরকারের আশ্বাসে প্রতিবাদের রাস্তা থেকে সরে এসেছিলেন ভারতের কুস্তিগীররা। যদিও তাঁদের দাবির কোনও কিছুই পূরণ হয়নি। ফলে ফের দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ জানাতে হাজির হলেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট, সাক্ষী মালিকদের।
ভিনেশ ফোগাট এদিনই জানিয়েছিলেন, দিল্লি পুলিশ যৌন হেনস্থা ও নির্যাতনে অভিযুক্ত ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করছেন না। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন প্রতিবাদী কুস্তিগীররা।

মহিলা কুস্তিগীরদের বিরুদ্ধে যৌন নির্যাতন, হেনস্থা ও অনুগামীদের দিয়ে হুমকি দেওয়া-সহ একাধিক অভিযোগ উঠেছিল ব্রিজ ভূষণের বিরুদ্ধে। তিনি আবার উত্তরপ্রদেশের দাপুটে সাংসদ। কুস্তিগীররা যন্তর মন্তরে প্রতিবাদ সভা শুরু করতেই কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর তাঁদের সঙ্গে কথা বলেন। তদন্ত কমিটি গঠিত হয়।
সেই কমিটি গঠনের পদ্ধতি নিয়ে কুস্তিগীরদের অসন্তোষ ছিল। জানুয়ারির পর এখন এপ্রিল শেষের দিকে। কেন্দ্রীয় সরকার যে ওভারসাইট প্যানেলকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল তা সম্পর্কে অন্ধকারে কুস্তিগীররা। ব্রিজ ভূষণকে তখন ফেডারেশনের পদ থেকে সরে দাঁড়াতে বলা হয়েছিল। যদিও ব্রিজ ভূষণ বহাল তবিয়তেই রয়েছেন।

ভিনেশ ফোগাট, সাক্ষী মালিকরা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আবেগপ্রবণও হয়ে পড়েন। চোখ দিয়ে জল বেরিয়ে আসে। কুস্তিগীররা চাইছেন, অবিলম্বে ওভারসাইট প্যানেলের রিপোর্ট জনসমক্ষে আনা হোক। পুলিশি ঘেরাটোপে সাংবাদিক সম্মেলন থেকেই দাবি ওঠে, অভিযুক্ত ব্রিজের বিরুদ্ধে পুলিশকে এফআইআর দায়ের করতে হবে।
ব্রিজ ভূষণ ও তাঁর অনুগামীদের সরিয়ে ফেডারেশন পরিচালনার কমিটি নতুনভাবে গঠনেরও দাবি জানান ভিনেশরা। কুস্তিগীররা জানাচ্ছেন, কিংবদন্তি বক্সার মেরি কমের নেতৃত্বাধীন প্যানেল এপ্রিলের প্রথম সপ্তাহে রিপোর্ট জমা দিয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার তা সামনে আনছে না।

ভিনেশ ফোগাট বলেন, সরকারের গঠিত কমিটির কত সময় লাগে রিপোর্ট জমা দিতে? তিন মাস পেরিয়ে গিয়েছে। যে মহিলা কুস্তিগীররা অভিযোগ জানিয়েছেন তাঁদের মৃত্যুর পর কি রিপোর্ট বেরোবে? আমরা ক্লান্ত। সরকার রিপোর্ট সামনে আসছে না। ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কনট প্লেস থানা এফআইআর দায়ের করুক।
ভিনেশের কথায়, আমরা ফেডারেশনের নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছি না। নিজেদের কেরিয়ার নিয়ে আমরা চিন্তিত। প্যারিস অলিম্পিক আসছে। তার প্রস্তুতি শুরু করতে চাই। চাই ন্যায়বিচার। জানা গিয়েছে, ১২ বছর ফেডারেশন সভাপতি পদে থাকা ব্রিজ আর সেই পদে বহাল থাকতে ৭ মে অনুষ্ঠেয় নির্বাচনে লড়বেন না।

সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, বিভিন্ন সূত্র মারফৎ জানা যাচ্ছে কুস্তিগীররা ফেডারেশন সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থার প্রমাণ দিতে পারেননি। রিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাক্ষী মালিক বলেব, আমাদের লড়াই থামবে না। আমরা যন্তর মন্তরেই প্রতিবাদ জানাতে থাকব। কমিটির কাছে গিয়েছিলেন অভিযোগকারী কুস্তিগীররা। কিন্তু রিপোর্ট সামনে আসেনি।
সাক্ষী আরও বলেন, আমাদের দেওয়া প্রতিশ্রুতিগুলোর কিছুই পূরণ হয়নি। ফেডারেশনেও সবকিছু আগের মতো চলছে। এক নাবালিকা-সহ ৭ মহিলা কুস্তিগীর কনট প্লেস থানায় গেলেও এফআইআর দায়ের হয়নি। জানি না কারা কলকাঠি নাড়ছেন। বজরং পুনিয়া বলেন, ন্যায়বিচার পেতে মৃত্যুবরণের জন্যও প্রস্তুত।












Click it and Unblock the Notifications