Vinesh Phogat: ভিনেশের আবেদন গৃহীত, কাল ক্যাস-এ শুনানি, বড় আইনজীবীকে নিয়োগ কেন্দ্রের
Vinesh Phogat: ভিনেশ ফোগাট যুগ্মভাবে অলিম্পিক্সের রুপো পাবেন কিনা তা নির্ভর করছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের রায়ের উপর। যার শুনানি হবে কাল।
আজ বিকেলে শুনানি হওয়ার কথা ছিল। ভিনেশ অলিম্পিক্স ফাইনাল থেকে ডিসকোয়ালিফাই হওয়াকে চ্যালেঞ্জ জানিয়ে যে আবেদন করেছিলেন তা গৃহীত হয়েছে।

সূত্র মারফত জানা যাচ্ছে, ভিনেশ ফাইনালে নামার অনুমতির বন্দোবস্ত করার যে আর্জি জানিয়েছিলেন তা খারিজ হয়ে গিয়েছে। ভিনেশ মহিলাদের ফ্রিস্টাইল কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনালে পৌঁছেছিলেন। কিন্তু ফাইনালের আগেই ঘটে বিপত্তি।
ইভেন্টের দিন সকালে স্থানীয় সময় সাড়ে আটটায় যে ওজন পরিমাপ করা হয় তাতে দেখা যায় ভিনেশের ওজন ১০০ গ্রাম বেশি। সে কারণে তাঁকে ফাইনালে নামার অনুমতি দেওয়া হয়নি। ভিনেশের ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল সারাহ হিল্ডেব্র্যান্ডটের।
প্রথমে জানা যায়, ভিনেশ ছিটকে যাওয়ায় সারাহকে ফাইনাল বাউটে নামতে হবে না। যদিও পরে ভিনেশ সেমিফাইনালে যে ইউসনেইলিস গুজম্যানকে হারিয়েছিলেন তিনিই ফাইনালে খেলেন। হিল্ডেব্র্যান্ডট জেতেন সোনা, গুজম্যান রুপো।
ক্রীড়া সংক্রান্ত বিষয়ক সমস্যা বা জটিলতা কাটাতে ক্রীড়াবিদরা CAS-এ আবেদন করে থাকেন। ভিনেশও করেছেন। প্যারিসের সময় অনুসারে বিকেল তিনটে নাগাদ ভিনেশের আবেদন গৃহীত হয়েছে। এরপর তাঁকে জানানো হয় আইনজীবী নিয়োগ করতে।
এমন খবরও পাওয়া গিয়েছিল যে, প্যারিসের আইনজীবীরাই লড়বেন ভিনেশের পক্ষে। তবে জানা যাচ্ছে, ভারত সরকার বিশিষ্ট আইনজীবী হরিশ সালভেকে ভিনেশের হয়ে সওয়াল করতে শুনানিতে অংশ নেওয়ার বন্দোবস্ত করেছে। কাল ভারতীয় সময় সকাল ১০টা নাগাদ শুনানি হওয়ার কথা।
প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে আইনজীবী নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে। ভারতীয় কনটিনজেন্টকে ভারতীয় সময় অনুসারে রাত সাড়ে ৯টা অবধি সময় দেওয়া হয়েছিল কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের তরফে। উল্লেখ্য, হরিশ সালভে এর আগে বিসিসিআইয়ের হয়ে অনেক মামলাও লড়েছেন।
ভারতীয় দল যাতে আইনজীবী নিয়োগ করতে পারে সে কারণেই শুনানি কাল সকাল অবধি পিছিয়ে দেওয়া হয়েছে। ভিনেশের পক্ষে রায় গেলে তিনি রুপোর পদক পাবেন। রায় পক্ষে না গেলে ভিনেশকে ফিরতে হবে খালি হাতেই। ভিনেশের সঙ্গে এদিন দেখা করেছেন অলিম্পিক্সে সোনাজয়ী প্রাক্তন শ্যুটার অভিনব বিন্দ্রা।
ইতিমধ্যেই ভিনেশকে রুপো দেওয়ার পক্ষে সওয়াল করেছেন কুস্তির জগতের কিংবদন্তিরা। এই আবহে কোন যুক্তি মেলে ধরে ভিনেশের পক্ষে রায় আনা যায় তারই চুলচেরা বিশ্লেষণ চলছে।












Click it and Unblock the Notifications