Vinesh Phogat: এক রাতেই কমানো যায় ৫-৬ কেজি ওজন, ভিনেশ ষড়যন্ত্রের শিকার, দাবি বিজেন্দ্রর
Vinesh Phogat: ভিনেশ ফোগাট ষড়যন্ত্রের শিকার। তেমনটাই দাবি অলিম্পিক্সে পদকজয়ী প্রাক্তন বক্সার বিজেন্দ্র সিংয়ের। গতকালই ভিনেশ ফাইনালে উঠে পদক নিশ্চিত করেছিলেন।
কিন্তু আজ সকালে জানা যায়, ইভেন্টের দিন পরিমাপের সময় তাঁর ওজন বেশি ধরা পড়ে। কিছু জায়গা থেকে জানা যাচ্ছে, ১০০ গ্রাম বেশি, কোথাও দাবি ১৫০ গ্রামের। আর তাতেই রুপোও পাবেন না ভিনেশ।

আজ মহিলাদের ফ্রিস্টাইল কুস্তির ৫০ কেজি বিভাগে ভিনেশ ফাইনালে লড়াইয়ে নামতেন মার্কিন যুক্তরাষ্ট্রের সারাহ হিল্ডেব্র্যান্ডটের বিরুদ্ধে। টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের সময় তাঁকে হারিয়েছিলেন ভিনেশ। ফলে সোনা জয়ের স্বপ্ন দেখছিল গোটা দেশ।
২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে পদকজয়ী বক্সার বিজেন্দ্র সিং গোটা ঘটনায় ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন। তিনি সাফ বলেছেন, এটা ভারত ও ভারতীয় কুস্তিগীরদের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র। ভিনেশ যেভাবে পারফর্ম করছিলেন তা প্রশংসনীয়। তবে সেই খুশি কারও পক্ষে হজম করা কঠিন হয়ে যাচ্ছিল।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিজেন্দ্রর কথায়, আমরা এক রাতের মধ্যে ৫-৬ কেজি ওজন কমিয়ে ফেলতে পারি। ফলে ১০০ গ্রাম কমাতে কী সমস্যা! আমার মনে হয়, ভিনেশ কারও জন্য সমস্যা তৈরি করছিলেন। সে কারণেই তাঁকে ডিসকোয়ালিফাই করা হলো।
ভিনেশকে ১০০ গ্রাম ওজন কমানোর সুযোগ দেওয়া উচিত ছিল। মনে করেন বিজেন্দ্র। তিনি আরও বলেন, আমি নিজেও অলিম্পিক্সে অংশ নিয়েছি। এমন ঘটনা আগে কখনও দেখিনি। বিজেন্দ্র আরও বলেছেন, ইভেন্ট চলাকালীন খাবার খাওয়ার থেকে রিকভারি ও ওজন নিয়ন্ত্রণে রাখাকেই গুরুত্ব দেন অ্যাথলিটরা।
বিজেন্দ্র সাক্ষাৎকারে বলেছেন, আমাদের প্রথম দরকার পড়ে রিকভারি। কার্বোহাইড্রেট বা প্রোটিনের দরকার পড়ে না। বাউটের আগে ওজন নিয়ন্ত্রণে রাখাকেই অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। কেউ ক্লান্ত হয়ে পড়লে ফিজিওর কাছে যান। খিদে পেলেও তা নিয়ন্ত্রণ করা কঠিন কিছু নয়। সেই সময় রিকভারির দরকার পড়ে, খাবার না খেলেও চলে।
উল্লেখ্য, ভিনেশ গতকাল প্রি কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিয়েছিলেন জাপানের ইউয়ি সুসাসিকে। সুসাকি আন্তর্জাতিক আসরে এই প্রথমবার হারলেন, তাও কেরিয়ারের ৮৩তম বাউটে। সেই জয় থেকে আত্মবিশ্বাস সঞ্চয় করে ভিনেশ কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে জিতে ঐতিহাসিক পদক নিশ্চিত করে ফেলেছিলেন। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিক্স ফাইনালে উঠে। যদিও শেষ অবধি সঙ্গী হলো সেই স্বপ্নভঙ্গই।












Click it and Unblock the Notifications