রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ ভিনেশ ও বজরংয়ের, কংগ্রেসের টিকিটে লড়বেন হরিয়ানা বিধানসভা নির্বাচনে
Haryana Assembly Elections 2024: হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়তে দেখা যাবে দুই অলিম্পিয়ান কুস্তিগীরকে। তেমন দিকেই পরিস্থিতি এগিয়ে চলেছে।
আজ দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ সেরেছেন বজরং পুনিয়া ও ভিনেশ ফোগাট। কংগ্রেস সূত্রে খবর, হরিয়ানার নির্বাচনে প্রার্থী হিসেবে তাঁদের নামে আজ বা কাল সবুজ সঙ্কেত দিয়ে দেবে কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন কমিটি।

একটি সর্বভারতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেস ৯০টি আসনের মধ্যে ৬৬টি কেন্দ্রের প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে। তবে এই ৬৬টির মধ্যে নাম নেই ভিনেশ ও বজরংয়ের। বাদলি আসনে প্রার্থী করা হতে পারে বজরং পুনিয়াকে। ভিনেশ চাইছেন জুলানা আসন থেকে লড়তে। যদিও কংগ্রেস তাঁকে গুরুগ্রামের কাছে কোনও আসনেও প্রার্থী করতে পারে।
কয়েক দিন ধরেই ভিনেশের রাজনীতিতে যোগদান নিয়ে চর্চা চলছে। এবারের প্যারিস অলিম্পিক্স থেকে তাঁকে খালি হাতে ফিরতে হয়েছে, ফাইনালে উঠলেও নামতে পারেননি ইভেন্টের দিন মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকার কারণে। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে গিয়েও রুপো পাওয়ার আর্জি খারিজ হয়ে গিয়েছিল।
ভিনেশকে রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সাংসদ করার উদ্যোগ গ্রহণ করতে পরামর্শ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যান্যরাও ভিনেশকে রাজ্যসভার সাংসদ করার পরামর্শ দিয়েছিলেন। যদিও ভিনেশ সরাসরি রাজনীতিতেই যোগ দিচ্ছেন এবং কংগ্রেসের হয়েই ভোটে লড়াই সিদ্ধান্ত নিয়েছেন।
ভারতের কুস্তি ফেডারেশনের তৎকালীন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন মহিলা কুস্তিগীররা। তাঁদের সমর্থনে রাজধানীর রাজপথে আন্দোলনের সামনের সারিতে ছিলেন ভিনেশ, বজরং, সাক্ষী মালিকরা। সেই সময় কংগ্রেস-সহ অনেক রাজনৈতিক দলও কুস্তিগীরদের পাশে গিয়ে দাঁড়ায়।
ভিনেশের পদক না জিততে পারার পিছনে কোনও ষড়যন্ত্র হয়েছিল কিনা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করতে গিয়ে গতকাল রাজ্য বিধানসভায় মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে ভিনেশের কংগ্রেসে যোগদান তাৎপর্যপূর্ণ।
ভিনেশের এক ঘনিষ্ঠ সংবাদসংস্থায় বলেছেন, ভিনেশ হরিয়ানার নির্বাচনে লড়বেন। আসন দল ঠিক করবে। তিনি প্রথমে নির্বাচনে লড়ার বিষয়ে প্রস্তুত ছিলেন না। কিন্তু পরে মত বদলান। হরিয়ানার সামাজিক অবস্থার উন্নতি ঘটানোর লক্ষ্যেই তিনি রাজনীতিতে যোগ দেবেন। তাঁকে কয়েক বছরে অনেক কিছুই সামলাতে হয়েছে। আশা রাখি, মানুষ তাঁর পাশে থাকবেন।
তবে বজরংয়ের ভোটে লড়ার ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি ভিনেশ-ঘনিষ্ঠ। উল্লেখ্য, ভিনেশের জ্য়াঠতুতো দিদি ববিতা বিজেপির বিধায়ক। হরিয়ানায় বিধানসভা ভোট হবে অক্টোবরের ৫ তারিখ। ফল ঘোষণা অক্টোবরের ৮ তারিখ।












Click it and Unblock the Notifications