কুস্তিগীরদের নিশানায় দিল্লি পুলিশ, যন্তর মন্তরে প্রতিবাদ সভা থেকে তীব্র হবে আন্দোলন?
ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণের বিরুদ্ধে উঠেছিল মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা করার অভিযোগ। এমনকী তাঁর অনুগামীদের সঙ্গে নিয়ে নানাভাবে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছিল।
দেশের হয়ে পদকজয়ী কুস্তিগীররা যন্তর মন্তরে প্রতিবাদে সরব হয়েছিলেন। তাঁদের সঙ্গে কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অনুরাগ ঠাকুর বৈঠক করেন। তদন্তের প্রক্রিয়া শুরু হয়। যদিও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ।

সে কারণেই ফের যন্তর মন্তর থেকেই প্রতিবাদ সভা, আন্দোলন তীব্রতর করার পরিকল্পনা করছেন কুস্তিগীররা। দাবি তুলছেন, অবিলম্বে অভিযুক্ত ফেডারেশন সভাপতিকে গ্রেফতার করে দেশের কুস্তি ফেডারেশনে প্রয়োজনীয় রদবদলের, সুস্থ পরিবেশ ফেরানোর। কেন্দ্রীয় সরকারও যে আশ্বাসমতো কাজ করেনি তা স্পষ্ট কুস্তিগীরদের ক্ষোভে।
অলিম্পিয়ান কুস্তিগীর ভিনেশ ফোগাট টুইটারে দিল্লি পুলিশের বিরুদ্ধেও সরব হয়েছেন। তাঁর অভিযোগ, দিল্লি পুলিশ ব্রিজ ভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চাইছে না। গত জানুয়ারি মাসে ভিনেশ, বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা ব্রিজ ভূষণের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনের অভিযোগ আনেন।
@PMOIndia @DelhiPolice, @NCWIndia @DCPNewDelhi , @PMO_NaMo, @IndiaSports, @India_NHRC, @SupremeCourtIND, @MLJ_GoI, @timesofindia, @ThePrintIndia pic.twitter.com/cGvY9tAyie
— Vinesh Phogat (@Phogat_Vinesh) April 23, 2023
ব্রিজ ভূষণ পাল্টা নিজেকে নির্দোষ করে রাজনৈতিকভাবে ষড়যন্ত্রের দাবি তুলেছিলেন। উল্লেখ্য, এই ব্রিজ ভূষণ উত্তরপ্রদেশের দাপুটে সাংসদ। তাঁর পরিবারেও প্রভাবশালী জনপ্রতিনিধিরা রয়েছেন। ভিনেশ ফোগাট জাস্টিস ফর ফিমেল রেসলারস, হিউম্যান রাইটস, উইমেন রাইটস, সোশ্যাল এমপাওয়ারমেন্টের মতো হ্যাশট্যাগ দিয়ে টুইট করেছেন।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে ট্যাগ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জিও জানান ভিনেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর, নারী ও শিশু সুরক্ষা কমিশন-সহ অনেককেই ট্যাগ করে বার্তা দেন তিনি। ভিনেশ লেখেন, বিভিন্ন ঐতিহ্যশালী কুস্তি প্রতিযোগিতা থেকে প্রচুর মহিলা কুস্তিগীর দেশকে পদক এনে দিয়েছেন। তাঁরা যৌন নির্যাতন ও হেনস্থার শিকার।
এরপরই ভিনেশের অভিযোগ, ২১ এপ্রিল দিল্লি পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল ব্রিজ ভূষণ শরণের বিরুদ্ধে। কিন্তু দিল্লি পুলিশ এফআইআর দায়ের করছে না। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গড়েছিল। তদন্ত শেষ না হওয়া অবধি ব্রিজ ভূষণকে পদ থেকে সরে থাকতেও বলা হয়েছিল।

যদিও সেই তদন্ত কমিটির তদন্ত কতদূর এগিয়েছে তা জানা যাচ্ছে না। স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে কুস্তিগীরদের। তাঁরা ফের যন্তর মন্তর থেকেই ন্যায়বিচারের দাবিতে জোরালো সওয়াল করতে চলেছেন বলেই খবর। বিষয়টি দেশের প্রধান বিচারপতির নজরে আনলেন ভিনেশ। পরিস্থিতির দিকে নজর ওয়াকিবহাল মহলের।












Click it and Unblock the Notifications