Paris Olympics: নিশান্তের হার নিয়ে তীব্র বিতর্ক, প্রতিবাদে সরব হলেন বিজেন্দ্র থেকে রণদীপ
শনিবার রাতে ভারতের আরও একটি পদকের স্বপ্ন বিলীন হয়ে গেল। কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে উঠতে পারলেই পদক নিশ্চিত ছিল ভারতীয় বক্সার নিশান্ত দেবের। কিন্তু মেক্সিকোর আলোনসো ভার্দে আলভারেজ বিরুদ্ধে জয় পেলেন না নিশান্ত। পদকের এক ধাপ দূরেই থামতে হল নিশান্তকে। ভারতীয় বক্সার নিশান্ত দেবের অলিম্পিক্সে পরাজয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
প্যারিস অলিম্পিক্সের বক্সিংয়ে ছেলেদের ৭১ কেজি বিভাগে নিশান্ত দেবের লড়াই ছিল মেক্সিকোর আলোনসো ভার্দে আলভারেজ বিরুদ্ধে। মেক্সিকান বক্সার ইভেন্টের দ্বিতীয় বাছাই। কোয়ার্টার ফাইনাল ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন নিশান্ত। আলোনসো ভার্দে আলভারেজকে শুরু থেকেই চাপে রাখেন নিশান্ত। দ্রুত নড়াচড়া করেন। ঠিক জায়গায় পাঞ্চও করতে থাকেন।

পরাজিত নিশান্তকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অলিম্পিক্সে পদকজয়ী বক্সার বিজেন্দ্র সিং। তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, আমার মনে হয় লড়াইটা খুব টানটান ছিল। জানি না স্কোরিং সিস্টেমটা কেমন। নিশান্ত তুমি খুব ভালো খেলেছ।
I don’t know what’s the scoring system but I think very close fight..he play so well..koi na bhai #NishantDev
— Vijender Singh (@boxervijender) August 3, 2024
বিজেন্দ্র সিংয়ের মতোই বলিউডের অভিনেতা অভিনেতা রণদীপ হুডাও সোশাল মিডিয়ায় নিশান্তের হার নিয়ে সরব হয়েছেন। তিনি সরাসরি পদ্ধতিকেই দায়ী করেছেন নিশান্তের হারের জন্য। তাঁর বক্তব্য,' স্কোরিং সিস্টেমের জন্যই পদক হাতছাড়া হল নিশান্তের। বিচারকরাই একটি পদক লুটে নিলেন।' বিজেন্দ্র-রণদীপের মতোই নিশান্তের হারে সরব হয়েছেন সাধারণ ক্রীড়াপ্রেমীরাও।
যদিও নিশান্ত দেবের কোচ বলেছেন যে প্যারিস অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে আলোনসো ভার্দে আলভারেজের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের সময় স্কোরিং পয়েন্ট নিয়ে প্রশ্ন উত্থাপিত হলেও তাঁরা কোনও প্রতিবাদ জানাবেন না। প্রশ্ন উঠছে কোচের এই বক্তব্য নিয়ে।
২৩ বছর বয়সী নিশান্ত প্রি-কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের হোসে গ্যাব্রিয়েল রডরিগেজকে হারিয়ে দেন। গ্যাব্রিয়েল ইভেন্টের সপ্তম বাছাই ছিলেন। যদিও বিচারকদের সর্বসম্মতিক্রমে জয় তুলে নিতে পারেননি নিশান্ত। তিনি পয়েন্টের নিরিখে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছিলেন প্রি-কোয়ার্টার বাউটে। আশা জাগিয়েও দেশকে পদক এনে দিতে পারলেন না নিশান্ত।












Click it and Unblock the Notifications