গৌরবজ্জ্বল এফআইএইচ প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড কাজের তাগিদ বাড়াবে, বললেন ভি. কার্তিকেয়ান
গৌরবজ্জ্বল এফআইএইচ প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড তাগিদ বাড়াবে, বললেন ভি. কার্তিকেয়ান
ইন্টারন্যাশনাক হকি ফেডারেশন বা এফআইএইচের সম্মানে আপ্লুত হয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের প্রাইভেট সেক্রেটারি ভি. কার্তিকেয়ান প্রধান। জানিয়েছেন যে গৌরবজ্জ্বল প্রেসিডেন্টস অ্যাওয়ার্ডের স্বীকৃতি তাঁকে আরও ভাল কাজ করার জন্য উদ্বুদ্ধ করবে। আগামী দিনে ভারতীয় ক্রীড়াকে আরও সম্বৃদ্ধ করাই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন কার্তিকেয়ান।

মাদুরাই-জাত ভি. কার্তিকেয়ান প্রধান নেভেলি স্পোর্টস হস্টেলে থেকে পড়াশুনো করে হাইস্কুলের গণ্ডী পার করেন। আইএএস পরীক্ষায় বসার আগে তিনি মাদুরাইয়ের এগ্রিকালচারাল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েশন ও দিল্লির ইন্ডিয়ান এগ্রিকালচারাল ইনস্টিটিউট থেকে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয় স্তরে ৮০০ ও ১৫০০ মিটার চ্যাম্পিয়ন কার্তিকেয়ানের খেলাধূলোর প্রতি ঝোঁক বরাবরই। তাই তো তার হাতেই ২০১৮ সালের বিশ্বকাপ আয়োজনের ভার তুলে দিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
রবিবার ভি কার্তিকেয়ান প্রধানের নাম সম্মানীয় প্রেসিডেন্টস অ্যাওয়ার্ডের জন্য ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল হকি ফেডারশন বা এফআইএইচ। বিশ্ব হকিতে দুর্দান্ত অবদানের জন্য কার্তিকেয়ানকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে বলে টুইট করে জানিয়েছে এফআইএইচ। উল্লেখ্য গত শনিবার ইন্টারন্যাশনাল হকি ফেডারশন বা এফআইএইচের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হন ভারতের নারিন্দর বাত্রা। একদিন পরেই সংস্থার সেরা পুরস্কার প্রাপকের নাম ঘোষণাকে ইঙ্গিতপূর্ণ হিসেবেই দেখছে দেশের ক্রীড়া মহল। যদিও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের প্রাইভেট সেক্রেটারি তথা আইএএস ভি কার্তিকেয়ান প্রধান নিজের যোগ্যতাতেই প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড জিততে চলেছেন বলে এফআইএইচের তরফে জানানো হয়েছে।
২০১৮ সালে ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে সফলভাবে হকি বিশ্বকাপের আসর বসানো হয়েছিল। একই বছর অন্যান্য আন্তর্জাতিক হকি টুর্নামেন্টও হয়েছিল ওই শহরে। সব ইভেন্টকে সফলভাবে কার্যকর করার পিছনে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের প্রাইভেট সেক্রেটারি তথা আইএএস ভি কার্তিকেয়ান প্রধানের বিরাট বড় অবদান রয়েছে বলে ইন্টারন্যাশনাল হকি ফেডারশনের তরফে জানানো হয়েছে। এর স্বীকৃতি স্বরূপ ওই আইএএস-কে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের ভূষিত করা হয়েছে বলে জানানো হয়েছে।
এই স্বীকৃতি তাঁর ভাল কাজের তাগিদ বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন ভি. কার্তিকেয়ান প্রধান। জানিয়েছেন যে তিনি খুশি। কেবল তিনি নন, এই পুরস্কার তাঁর দলের প্রত্যেকের প্রাপ্য বলেও জানিয়েছেন কার্তিকেয়ান। তাঁকে সম্পূর্ণ সমর্থনের জন্য ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে ধন্যবাদও জানিয়েছেন প্রাইভেট সেক্রেটারি। সেই সঙ্গে তিনি এও জানাতে ভোলেননি যে ক্রীড়াক্ষেত্রে পরিকাঠামোগত দিক থেকে নিজেকে কতটা উন্নত করেছে ওড়িশা। প্রধানের স্বীকৃতিতে গর্বিত ওড়িশা সরকারও। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের দফতর থেকে এ ব্যাপারে বিবৃতি দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications