টোকিও অলিম্পিকে ভারতের শুটাররা ফের হতাশ করলেন, মিক্সড টিম ইভেন্টেও চরম ব্যর্থতা
টোকিও অলিম্পিকে ভারতীয় শুটারদের ব্যর্থতা অব্যাহত। যে বিভাগে পদকের প্রত্যাশা করা হচ্ছিল সেই ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টে ভারতের দুটি জুটি যোগ্যতা অর্জন পর্বের প্রথম বাধাই টপকাতে পারল না।

মিক্সড ইভেন্টে যোগ্যতা অর্জন পর্বের প্রথম ও দ্বিতীয় বাধা টপকাতে হতো শুটারদের। কিন্তু আসাকা শুটিং রেঞ্জে ভারত কোয়ালিফিকেশনের দ্বিতীয় পর্যায়েই পৌঁছাতে পারল না। এলাভেনিল ও দিব্যাংশের জুটির এগ্রিগেট স্কোর হয় ৬২৬.৫। অঞ্জুম মৌদগিল ও দীপক কুমারের এগ্রিগেট স্কোর ৬২৩.৮। ২৯টি জুটির মধ্যে এলাভেনিল ও দিব্যাংশের জুটি দ্বাদশ স্থান লাভ করে। অঞ্জুম-দীপক জুটি শেষ করে ১৮ নম্বরে থেকে।

এই ইভেন্টে প্রথম কোয়ালিফিকেশন পর্যায় থেকে দ্বিতীয় পর্যায়ে ওঠে ৮টি জুটি। দ্বিতীয় পর্যায় থেকে চারটি জুটি ফাইনালে ওঠার সুযোগ পায়। ভারতীয় শুটাররা এদিন শুরু থেকেই প্রত্যাশা পূরণ করতে পারছিলেন না। বিগত কয়েক বছরে তাঁদের যা পারফরম্যান্স তার ধারেকাছেই ছিলেন না শুটাররা।

প্রথম কোয়ালিফিকেশন রাউন্ডে প্রতিটি জুটির দুই শুটারই ১০ শটের তিনটি সিরিজ মারার সুযোগ পান। পরের রাউন্ডে পৌঁছানো আটটি জুটির প্রত্যেক শুটার ১০ শটের দুটি করে সিরিজে অংশ নেন। শুটারদের সিঙ্গল শটের নিরিখে কম্বাইন্ড স্কোর যাঁদের বেশি থাকে সেই অনুযায়ীই নির্ধারিত হয় চূড়ান্ত জয়-পরাজয়।












Click it and Unblock the Notifications