TSW 25K Kolkata 2024: শীতের ভোরে জমাটি দৌড়ে মধ্যমণি ক্যাম্পবেল, খেতাব জিতলেন কোন তারকারা?
TSW 25K Kolkata 2024: শীতের ভোরে দৌড়ের আসর নিয়ে মাতল কলকাতা। টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার এবারের সংস্করণে আন্তর্জাতিক দূত হিসেবে হাজির ছিলেন ইংল্যান্ড তথা আর্সেনালের প্রাক্তন তারকা সল ক্যাম্পবেল।
পুরুষদের বিভাগে চ্যাম্পিয়ন হলেন উগান্ডার স্টিফেন কিসা। মহিলাদের বিভাগে খেতাব জয় ইথিওপিয়ার সুতুমে কেবেদের। ছিল নানা বিভাগের দৌড়।

২৫ কিলোমিটার দূরত্বে ফিনিশিং লাইনে পৌঁছতে স্টিফেন কিসা সময় নিলেন ১ ঘণ্টা ১২ মিনিট ২৯ সেকেন্ড। মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন সুতুমে কেবেদে। তিনি গতবারও সোনা জিতেছিলেন এই ইভেন্টে। বিশ্বের জনপ্রিয় এই লং ডিসট্যান্স রানার এদিন সময় নিলেন ১ ঘণ্টা ১৯ মিনিট ১৭ সেকেন্ড।
এবারের রেসের বিশেষত্ব হলো, এটিই ছিল বিশ্বের প্রথম ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড তকমাধারী ২৫ কিলোমিটার দৌড়। স্টিফেন কিস্সা জিতলেন সোনা। রুপো পেলেন কেনিয়ার ড্যানিয়েল এবেনিও (১ ঘণ্টা ১২ মিনিট ৩৭ সেকেন্ড) ও ব্রোঞ্জ জিতলেন কেনিয়ার অ্যান্থনি কিপচিরচির (১ ঘণ্টা ১২ মিনিট ৫৫ সেকেন্ড)।
মহিলাদের বিভাগে কেবেদে সোনা জিতলেন। রুপো পেলেন কেনিয়ার ভিওলা চেপনজেনো (১ ঘণ্টা ১৯ মিনিট ৪৮ সেকেন্ড) ও ব্রোঞ্জ জেতেন বাহরিনের দেসি জিসা (১ ঘণ্টা ২১ মিনিট ৩৩ সেকেন্ড)।
ভারতীয়দের মধ্যে ২৫কে রেসে পুরুষদের বিভাগে সোনা জিতলেন গুলবীর সিং। তিনি সময় নেন ১ ঘণ্টা ১৪ মিনিট ১০ সেকেন্ড। রুপো জিতলেন সাওয়ান বারওয়াল (১ ঘণ্টা ১৪ মিনিট ১১ সেকেন্ড) এবং ব্রোঞ্জের দখল নেন গৌরব মাথুর (১ ঘণ্টা ১৬ মিনিট ৫৯ সেকেন্ড)।
মহিলাদের বিভাগে সোনা, রুপো ও ব্রোঞ্জ পেলেন যথাক্রমে সঞ্জীবনী যাদব (১ ঘণ্টা ২৯ মিনিট ১২ সেকেন্ড), লিলি দাস (১ ঘণ্টা ৩১ মিনিট ৩ সেকেন্ড) ও কবিতা যাদব (১ ঘণ্টা ৩২ মিনিট ২৫ সেকেন্ড)। আয়োজকদের দাবি, দেশ-বিদেশের নামি দৌড়বিদদের পাশাপাশি প্রায় ২০ হাজার সাধারণ প্রতিযোগীও অংশগ্রহণ করেন।
অ্যাথলিটদের পাশাপাশি এমন বহু স্বাস্থ্য সচেতন মানুষ অংশগ্রহণ করেছিলেন যাঁরা ম্যারাথন বা দৌড়কে শুধুমাত্র একটি শারীরিক চ্যালেঞ্জ নয়, বরং রবিবারের আনন্দের অংশ হিসেবেই দেখেন। এই ইভেন্টটি কার্যত হয়ে দাঁড়িয়েছে শহরের বাৎসরিক উৎসব।
আজ ভোর ৫.৩০ মিনিটে প্রথম দৌড় শুরু হয়েছিল ১০ কিলোমিটার দূরত্বের প্রতিযোগিতার মাধ্যমে। এই বিভাগে অংশগ্রহণ করেছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, যিনি সস্ত্রীক এই ম্যারাথনে যোগ দেন। এরপর শুরু হয় ২৫ কিলোমিটার রেস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস, অলিম্পিয়ান বক্সার এমসি মেরি কম, কলকাতা পুরসভার মেয়র পারিষদ তথা বিধায়ক দেবাশিস কুমার।












Click it and Unblock the Notifications