Lok Sabha Election: অভিযুক্ত ব্রিজভূষণের ছেলেই বিজেপি প্রার্থী, সমালোচনায় সরব সাক্ষী-বজরংরা
লোকসভা ভোটের মধ্যেই কুস্তি নিয়ে বিতর্ক অব্যাহত। যৌন হেনস্থা কাণ্ডে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংকে কাইজারগঞ্জে প্রার্থী করেনি বিজেপি। কিন্তু বাহুবলী এই নেতাকে সম্পূর্ণ উপেক্ষাও করতে পারেনি গেরুয়া শিবির। কারণ তাঁর ছোট ছেলে করণ ভূষণ সিংকে এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। ব্রিজ ভূষণের পরিবারের সদস্যকে লোকসভা ভোট প্রার্থী করা বিজেপির বিরুদ্ধে ফের একাবর সরব হলেন দেশের প্রথম সারির কুস্তিগীররা।
সাক্ষী মালিক থেকে বজরং পুনিয়া প্রত্যেকই শাসক দলের এই রাজনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন। অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক বলেন, ' ব্রিজ ভূষণকে গ্রেফতার তো দূরের কথা, তাঁর ছেলেকে টিকিট দিয়ে আপনারা দেশের কোটি মেয়েদের মনোবল ভেঙে দিয়েছেন।' একইসঙ্গে সাক্ষী প্রশ্ন তুলেছেন, 'সরকার একজন মানুষের সামনে কি এতটাই দুর্বল যে শুধু একটি মাত্র পরিবারকেই টিকিট দিচ্ছে?'

বজরং পুনিয়া বিজেপির এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, "বিজেপি মহিলাদের নিরাপত্তার কথা চিন্তা করে না" এবং শাসক দলে পরিবারবাদের রাজনীতি বিরাজ করছে।আমি জানি না কেন সরকার িব্রজভূষণকে এত ভয় পায়। ছেলের টিকিট পাওয়ায় বিজেপিতেও পরিবারবাদের নমুনা পাওয়া যাচ্ছে। বিজেপি অন্য দলগুলির সমালোচনা করে বলে যে তাদের সঙ্গে বাকিদের পার্থক্য আছে, কিন্তু তারা আলাদা নয়।"
যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত হওয়ায় দলীয় ভাবমূর্তি রক্ষার স্বার্থেই ৬ বারের সাংসদ ব্রিজভূষণকে এবার প্রার্থী করল না বিজেপি। তবে একইসঙ্গে কাইজারগঞ্জ ও আশেপাশের অঞ্চলে তাঁর প্রভাবের কথা মাথায় রেখে ছেলেকে টিকিট দেওয়া হল।
ব্রিজভূষণ উত্তরপ্রদেশের কাইজারগঞ্জের একাধিকবারের সাংসদ। বিজেপিতে যোগ দেওয়ার আগে সমাজবাদী পার্টির টিকিটে লড়ে জিতেছেন। সাংসদ হয়েছেন নির্দল হিসাবেও। তাছাড়া কাইজারগঞ্জের বাইরে একাধিক লোকসভা কেন্দ্রে প্রভাব রয়েছে তাঁর। প্রভাবশালী এই জাঠ নেতা অন্তত ৭-৮টি লোকসভা কেন্দ্রের ফলাফল নির্ধারণ করতে পারেন। এ হেন নেতাকে উপেক্ষা করা কঠিন।ফলে ভারসাম্য বজায় রেখে ব্রিজভূষণের পরিবার থেকেই প্রার্থী বেছে নিল বিজেপি।
ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি থাকাকালীন ব্রিজভূষণের বিরুদ্ধে একাধিক মহিলা কুস্তিগীরকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল। তার প্রতিবাদে আন্দোলনে নেমেছিলেন কুস্তিগীররা। এরফলে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হয়েছিল বিজেপিকে।
এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ছিলেন ব্রিজভূষণ শরণ সিং। ২০২৩ সালের শুরুতে খবরের শিরোনামে আসেন। সেই সময় বজরং পুনিয়া, ভিনেশ ফোগাত এবং সাক্ষী মালিক সহ দেশের শীর্ষ কুস্তিগীররা তাঁর বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত করেছিলেন এবং রাস্তায় নেমে ব্যাপক প্রতিবাদ জানিয়েছিলেন।












Click it and Unblock the Notifications