ফেডেরার থেকে নেইমার, টোকিও অলিম্পিকে যে যে আন্তর্জাতিক তারকার আসন শূন্য
ফেডেরার থেকে নেইমার, টোকিও অলিম্পিকে নেই যে যে ভারত ও আন্তর্জাতিক তারকা
চোটের কারণে যে তিনি টোকিও অলিম্পিকে অংশ নিতে পারবেন না, তা মঙ্গলবার জানিয়ে দিয়েছেন রজার ফেডেরার। সেই সঙ্গে গেমসের আকর্ষণ যে আরও কিছুটা কমল, তা অনায়াসে বলে দেওয়া যায়। এর আগেও টোকিও অলিম্পিক থেকে একাধিক মহাতারকাদের বিদায়ে কিছুটা হলেও হতাশ হয়েছিলেন ক্রীড়া প্রেমীরা। সেই তালিকার দিকে নজর ফেরানো যাক। যেখানে রয়েছে এক ভারতীয়ের নামও।

সাইনা নেহওয়াল
অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক (ব্রোঞ্জ) জেতা সাইনা নেহওয়াল এবারের গেমসে অনুপস্থিত থাকবেন। যার পিছনে করোনা ভাইরাসের চক্রান্ত রয়েছে বলা চলে। কারণ অতিমারীর কারণেই টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বের শেষের কয়েকটি ব্যাডমিন্টন টুর্নামেন্টগুলি বাতিল করে দেওয়া হয়েছে। ফলে জাপান পৌঁছনোর সুযোগ হাতছাড়া হয়েছে সাইনার। বিশ্বের প্রাক্তন এক নম্বর ব্যাডমিন্টন তারকা কিদাম্বী শ্রীকান্তও একই কারণে এবারের অলিম্পিকে অংশ নিতে পারছেন না।

রাফায়েল নাদাল
ফরাসি ওপেনের সেমিফাইনালে নোভাক জকোভিচের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচ হেরে যান রাফায়েল নাদাল। এরপরই টোকিও অলিম্পিক ও উইম্বলডন না খেলার কথা ঘোষণা করেন স্প্যানিশ কিংবদন্তি। ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী টেনিস তারকা ২০০৮ ও ২০১৬ সালের অলিম্পিকে স্পেনের হয়ে সোনা জিতেছেন। ফলে তাঁর অভাব টোকিও অলিম্পিকে অনুভত হবে।

সেরেনা উইলিয়ামস
টোকিও অলিম্পিকে খেলতে দেখা যাবে না কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে। যা টেনিস প্রেমীদের কাছে বড় ধাক্কা বলা চলে। একইভাবে টোকিও গেমস থেকে সরে আসার কথা জানিয়ে দিয়েছেন টেনিস তারকা সিমোনা হালেপ, স্তান ওয়ারিংকা, ডমিনিক থিয়েমের মতো টেনিস তারকারা।

রজার ফেডেরার
পুরনো হাঁটুর ব্যথায় কাঁবু হয়ে রয়েছেন রজার ফেডেরার। সেই চোটের কারণেই ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ড পর্যন্ত পৌঁছে সুইস তারকাকে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হয়েছিল। উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে অখ্যাত টেনিস খেলোয়াড়ের কাছে স্ট্রেট সেটে হেরে গিয়ে টেনিস প্রেমীদের হতাশ করেন রজার। এবার টোকিও অলিম্পিকে না খেলার কথা জানিয়ে বড় ধাক্কা দিলেন ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা।

মো ফারাহ
শেষ দুই অলিম্পিক মোট চারটি সোনা জেতা ম্যারাথন রানার মো ফারাহ এবারের গেমসে যোগ্যতা অর্জন করতেই ব্যর্থ হয়েছেন। ইংল্যান্ডের এই কিংবদন্তি যোগ্যতা অর্জনকারী পরপর দুটি ইভেন্টে ফেল করেন। যা ক্রীড়া প্রেমীদের কাছে বড় ধাক্কা বলা চলে। এই ব্যর্থতার পর নিজের কেরিয়ারে ইতি টানারও আভাস দিয়েছেন ফারাহ।

নেইমার
২০১৬ সালের রিও অলিম্পিকে ব্রাজিলকে সোনার পদক জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন নেইমার। সেই খেলোয়াড়কে টোকিওতে পাওয়া যাবে না শুনে কিছুটা হলেও হতাশায় ভুগছেন ফুটবল প্রেমীরা। প্যারিস সেইন্ট জের্মেইন নেইমারকে অলিম্পিকের জন্য ছাড়তে রাজি হয়নি বলে শোনা গিয়েছে। ব্রাজিলিয় তারকার পাশাপাশি ফ্রান্সের কিলিয়ান এমবাপে এবং মিশরের মহম্মদ সালাহও আগামী অলিম্পিকে অংশ নিতে পারছেন না।












Click it and Unblock the Notifications