Tokyo Olympics : সজন প্রকাশের হারে সাঁতারে ভারতের বিপর্যয় অব্যাহত
Tokyo Olympics : ব্যর্থ সজন প্রকাশ, সাঁতারে ভারতের সম্ভাবনা কমছে ক্রমশ
শ্রীহরি নটরাজ ও মানা প্যাটেলের পর এবার ব্যর্থ হলেন সজন প্রকাশ। সেই সঙ্গে টোকিও অলিম্পিকের সাঁতার ইভেন্টে ভারতের সম্ভাবনা কমছে ক্রমশ। সোমবার গেমসের পুরুষ বিভাগের ২০০ মিটার বাটারফ্লাইয়ের সেমিফাইনালে পৌঁছতে ব্যর্থ হয়েছেন ভারতের সজন। হিটে কয়েক সেকেন্ডের জন্য তৃতীয় হতে না পারায় সাঁতারুর জন্য আক্ষেপ করছেন দেশের ক্রীড়াপ্রেমীরা।

এর আগে পুরুষ ও মহিলাদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টের হিট থেকেই ছিটকে যান যথাক্রমে ভারতের শ্রীহরি নটরাজ ও মানা প্যাটেল। এই অবস্থায় সজন প্রকাশের জয় দেখতে মুখিয়ে ছিলেন দেশের ক্রীড়াপ্রেমীরা। সেই প্রত্যাশার চাপ নিয়েই টোকিও অলিম্পিকের পুরুষ বিভাগের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টের দ্বিতীয় হিটের জলে নেমেছিলেন ভারতীয় তারকা। শুরুর দিকে পিছিয়ে পড়ে শেষে কিছুটা এগিয়ে যেতে সক্ষম হলেও সেমিফাইনালে পৌঁছতে পারেননি সজন।
এই হিটে প্রথম স্থান দখল করেন নরওয়ের টোমোয়ে জেনিমোটো। দ্বিতীয় হন সিঙ্গাপুরের কোয়াহ জেং ওয়েন। তৃতীয় স্থানে থেকে সেমিফাইনালে পৌঁছতে সক্ষম হয়েছেন আয়ারল্যান্ডের ব্রেন্ডনল হিল্যান্ড। ২০০ মিটারের বাটারফ্লাই ইভেন্ট শেষ করতে তিনি ১ মিনিট ৫৭.০৯ সেকেন্ড সময় নেন। চতুর্থ স্থানে প্রতিযোগিতা শেষ করা সজনের সময় লাগে ১ মিনিট ৫৭.২২ সেকেন্ড।

ভারতের প্রথম প্রতিনিধি হিসেবে অলিম্পিকের সাঁতার ইভেন্টে খেলার ছাড়পত্র অর্জন করেছিলেন সজন প্রকাশ। রোমে হওয়া এক আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্ট ১ মিনিট ৫৬.৩৮ সেকেন্ডে শেষ করে তিনি ইতিহাস রচনা করেছিলেন। গড়েছিলেন জাতীয় রেকর্ড। যদিও টোকিও অলিম্পিকের হিটে নিজের সেই সময়ের ধারেকাছে পৌঁছতে পারলেন না সজন। আর সে কারণেই এই বিপর্যয় বলে মনে করছেন দেশের ক্রীড়া প্রেমীরা।
যদিও চলতি অলিম্পিকে দেশের মুখ উজ্জ্বল করার আরও একটা সুযোগ পাবেন প্রকাশ। পুরুষদের ১০০মিটার বাটারফ্লাই সাঁতার ইভেন্টেও তিনি অংশ নিতে চলেছেন। আগামী ২৯ জুলাই এই ইভেন্টের হিট অনুষ্ঠিত হবে। কেরিয়ারে মোট ৩৫টি জাতীয় স্তরের টুর্নামেন্ট থেকে ৬টি সোনা এবং তিনটি রূপো অর্জন করা সজন ওই ইভেন্টে কিছু করে দেখাতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে থাকবে দেশ।












Click it and Unblock the Notifications