Tokyo Olympics : প্রি-কোয়ার্টারে পৌঁছে মানসিক স্বাস্থ্য নিয়ে সরব সিন্ধুর 'নমস্কার'-এ মুগ্ধ বিশ্ব
Tokyo Olympics : প্রি-কোয়ার্টারে পৌঁছে মানসিক স্বাস্থ্য নিয়ে সরব সিন্ধু, প্রতিপক্ষকে সমীহা
টোকিও অলিম্পিকের মহিলাদের সিঙ্গলস ইভেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন পিভি সিন্ধু। তাঁকে ঘিরে মেগা গেমসে আরও একবার পদক জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন ক্রীড়া প্রেমীরা। সেই আবহে এবার মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বললেন দেশের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন শাটলার। নক আউট পর্বে নিজের প্রতিপক্ষ সম্পর্কেও মুখ খুললেন সিন্ধু। একই সঙ্গে প্রশংসীত হয়েছে ভারতীয় শাটলারের নমস্কারের ভঙ্গি।

মানসিক স্বাস্থ্য নিয়ে সিন্ধু
টোকিও গেমসে মহিলাদের সিঙ্গলসের জি গ্রুপে দুর্দান্ত জয় অর্জন করার পর মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলেছেন পিভি সিন্ধু। তাঁর বক্তব্য, অলিম্পিকের মতো মেগা টুর্নামেন্ট সফল হতে গেলে মানসিক স্থিতিশীলতা ভীষণভাবে প্রয়োজন। শারীরিকভাবে ফিট থাকার পাশাপাশি অ্যাথলিটদের মানসিকভাবে সুস্থ থাকা ভীষণভাবে প্রয়োজন বলে জানিয়েছেন সিন্ধু। উল্লেখ্য মঙ্গলবার টোকিও গেমসের জিমন্যাস্টিকে মহিলাদের দলগত ইভেন্টের ফাইনাল থেকে সরে দাঁড়িয়েছিলেন আমেরিকার সিমোন বাইলস। প্রাথমিকভাবে জানানো হয়েছিল যে তিনি চোটগ্রস্ত। তবে পরে জানা যায় যে মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন সিমোন।

মানসিক ও শারীরিকভাবে ফিট
মহিলাদের সিঙ্গলসের জি গ্রুপের প্রথম ম্যাচ জিতেছিলেন পিভি সিন্ধু। ওই ম্যাচে ইজরায়েলের কেসেনিয়া পলিকারপোভাকে ২১-৭, ২১-১০ পয়েন্টে হারিয়েছিলেন রিও অলিম্পিকে রূপোজয়ী ভারতীয় শাটলার। গ্রুপের দ্বিতীয় ম্যাচ জিতে পয়েন্টের বিচারে সহজেই নক আউটে পৌঁছে গিয়েছেন পিভি। এ পর্যন্ত তিনি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ ফিট বলে জানিয়েছেন হায়দরাবাদি শাটলার। আপতত প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচটিকে তিনি ফোকাস করেছেন বলেও জানিয়েছেন সিন্ধু।

প্রতিপক্ষকে সমীহা
টোকিও অলিম্পিকের মহিলাদের সিঙ্গলসের শেষ ১৬ রাউন্ডের লড়াইয়ে ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডটের মুখোমুখি হতে চলেছেন পিভি সিন্ধু। বিশ্বের ১৮ নম্বর শাটলারের সঙ্গে এ লড়াই যে তাঁর হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা মেনে নিয়ে প্রতিপক্ষকে সমীহ করেছেন ভারতীয় শাটলার। স্বীকার করেছেন যে মিয়াকে হারাতে এই রাউন্ডে তাঁকে আরও ভাল খেলতে হবে। সেক্ষেত্রে নিজের দক্ষতার ওপর ভরসা রাখতে চান হায়দরাবাদি।

বুধবারের জয়
চেয়ুন গান ই-র বিরুদ্ধ জি গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন ৬ নম্বর সিন্ধু। প্রথম গেমে দাপট অব্যাহত রাখেন ভারতীয় শাটলার। দুর্দান্ত দক্ষতায় শুরুতেই অনেকটা এগিয়ে যান বিশ্ব চ্যাম্পিয়ন। সেই ব্যবধান শেষ পর্যন্ত অব্যাহত থাকে। ২১-৯ ফলাফলে ওই গেম জিতে যান পিভি সিন্ধু। ম্যাচের দ্বিতীয় গেমে প্রত্যাবর্তনের মরিয়া চেষ্টা চালান হংকংয়ের প্রতিদ্বন্দ্বী। দাপট ধরে রাখার চেষ্টা চালিয়ে যান সিন্ধু। ২১-১৬ ফলাফলে ওই গেম জেতেন ভারতীয় শাটলার।
|
পিভি সিন্ধুর নমস্কারে মুগ্ধতা
গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচ জেতার পর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রতিপক্ষ, বিচারককে নমস্কার করে অভিবাদন জানান সিন্ধু। যা প্রশংসীত হয়েছে বিশ্বে। এ সংক্রান্ত এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।












Click it and Unblock the Notifications