Tokyo Olympics : সিন্ধুর বিজয়রথ এগিয়ে চলেছে, কোয়ার্টার ফাইনালে ভারতীয় শাটলার
Tokyo Olympics : সিন্ধুর জয়ের চাকা ঘুরছে, কোয়ার্টার ফাইনালে ভারতীয় শাটলার
জিতেই চলেছেন পিভি সিন্ধু। এবার টোকিও অলিম্পিকের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ভারতীয় শাটলার। প্রি-কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডটকে হারালেন পিভি। স্ট্রেট গেমের দাপুটে জয় পেলেন ভারতের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন শাটলার। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত দেশের ক্রীড়া মহল।

ম্যাচে প্রথম থেকেই প্রাধান্য কায়েম করেন পিভি সিন্ধু। সেই মতো তিনি পয়েন্ট অর্জন করতে থাকেন। প্রথম গেমের শুরু থেকেই ড্যানিশ প্রতিপক্ষের থেকে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নেন হায়দরাবাদি শাটলার। ফলে ওই গেমে সিন্ধুকে ধরার সুযোগ পাননি মিয়া। ২১-১৫ পয়েন্টে ওই মোকাবিলা জেতেন পিভি। দ্বিতীয় গেমে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন ভারতীয় শাটলার। একের পর এক দুর্দান্ত শটে প্রতিপক্ষকে নাজেহাল করে দেন সিন্ধু। ওই গেম ২১-১৩ ফলাফলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান টোকিও অলিম্পিকে ভারতের পদক জয়ের আশা।
রিও অলিম্পিকে এক চুলের সোনা হাতছাড়া হয়েছিল পিভি সিন্ধুর। স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে ফাইনাল হেরে রূপো নিয়ে দেশে ফিরতে হয়েছিল ভারতীয় শাটলারকে। সেই অসম্পূর্ণ কাজই যে তিনি শেষ করতে তিনি টোকিও এসেছেন, তা নিজের পারফরম্যান্স দিয়ে বোঝাচ্ছেন সিন্ধু। মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসের জি গ্রুপের দুটি ম্যাচই প্রাধান্য নিয়ে জিতেছিলেন সিন্ধু। কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় শাটলারকে ডেনমার্কের প্রতিদ্বন্দ্বী কড়া চ্যালেঞ্জ দেবেন বলে মনে করা হয়েছিল।

বাস্তবে হয়েছে উল্টোটাই। সিন্ধুর বিক্রমের সামনে ম্লান হয়েছে ড্যানিশ প্রতিপক্ষের সব পরিকল্পনা। ম্যাচের প্রথম গেমে এক সময় ১১-৬ পয়েন্টের ব্যবধান পেয়ে যান ভারতীয় তারকা। এক বিরতির পর শক্তহাতে ম্যাচে ফিরে আসেন মিয়া। প্রথম গেমে সিন্ধুর ১৩ পয়েন্টের জবাবে ১১ পয়েন্টে পৌঁছে যান ড্যানিশ তারকা। তবে শেষ পর্যন্ত সে লড়াই ধোপে টেকেনি। মাত্র ৪১ মিনিটে ম্যাচ জিতে ব্যাডমিন্টন থেকে ভারতের পদক জয়ের আশা আরও তীব্র করেছেন পিভি। শেষ আটের লড়াইয়ে বিশ্বের ৪ নম্বর তারকা তথা জাপানের একানে ইয়ামাগুচির মুখোমুখি হায়দরাবাদি শাটলার। ম্যাচে তুল্যমূল্য লড়াই আশা করছেন ক্রীড়া প্রেমীরা।












Click it and Unblock the Notifications