Tokyo Olympics : জ্যাভলিনে ঐতিহাসিক জয়ে ১২১ বছরের খরা কাটালেন ভারতের নীরজ চোপড়া
১৯০০ সালে শেষবার অ্যাথলেটিক্সে পদক জিতেছিল ভারত। সেবার দুটি রুপো জিতে দেশকে গর্বিত করেছিলেন নর্মান প্রিচার্ড। তারপর থেকে অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে ভারতের পদক জয়ের ভাঁড়ার শূন্যই ছিল।
ঐতিহাসিক সোনা জিতে অলিম্পিকে ভারতের ১২১ বছরের খরা কাটালেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে তিনি প্রথম হলেন। এই প্রথম অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জেতার নজির গড়ল দেশ। ২০০৮ সালের পর অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে ফের সোনা জিতেও ইতিহাসে নাম লেখালো ভারত। টোকিও গেমসের শেষ লগ্নে নীরজের কীর্তিতে উজ্জ্বল হল দেশ।

নীরজের সোনা জয়
শনিবার টোকিও গেমসের জ্যাভলিন থ্রোর ফাইনালের প্রথম প্রচেষ্টাতেই ৮৭.০৩ মিটার দূরত্ব অতিক্রম করেন নীরজ। দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে নীরজের জ্যাভেলিন। জার্মানির যে জোহানেস ভেটেরকে ভারতীয় অ্যাথলিট চোপড়ার প্রধান প্রতিপক্ষ বলে ধরা হচ্ছিল, তিনি এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ৮২.৫২ মিটার জ্যাভলিন থ্রো করতে সক্ষম হন। দ্বিতীয় স্থানে থাকা চেক প্রজাতন্ত্রের জ্যাকুব ভাদলেজ ৮৬.৬৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছোঁড়েন। তৃতীয় প্রতিযোগিতায় তৃতীয় হন চেকের প্রজাতন্ত্রেরই ভিটেজসলাভ ভেসেলে। ৮৫.৪৪ মিটার দূরত্বে জ্যাভলিন তিনি ব্রোঞ্জ জিততে সক্ষম হন।

নীরজের ইতিহাস রচনা
১৯০০ সালে শেষবার অ্যাথলেটিক্সে পদক জিতেছিল ভারত। সেবার দুটি রুপো জিতে দেশকে গর্বিত করেছিলেন নর্মান প্রিচার্ড। তারপর থেকে অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে ভারতের পদক জয়ের ভাঁড়ার শূন্যই ছিল। এমনকী ২০০৮ সালের বেজিং গেমসে প্রতিযোগিতায় নিজেদের ব্যক্তিগত ইভেন্টের প্রথম সোনা জিতেছিল দেশ। শুটিংয়ে ওই নজির গড়েছিলেন ভারতের অভিনব বিন্দ্রা। অর্থাৎ ১৩ বছর পর ফের অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্ট থেকে ফের সোনা জয়ের স্বাদ পেল ভারত। জ্যাভলিন থ্রো তো বটেই, বিশ্বের সেরা ক্রীড়াযঞ্জের অ্যাথলেটিক্সে প্রথম সোনা জিতল ভারত। ইতিহাস রচনা করলেন নীরজ চোপড়া।

নিজের ব্যক্তিগত রেকর্ড থেকে দূরে
টোকিও অলিম্পিকের পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে ৮৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম হন নীরজ চোপড়া। যা তাঁর ব্যক্তিগত সেরা থ্রো-র থেকে রয়েছে অনেকটাই পিছনে। চলতি বছরই পাতিয়ালায় হওয়া ইন্ডিয়ন গ্রাঁ পি-তে ৮৮.০৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন নীরজ। যা জাতীয় রেকর্ডও বটে। টোকিও গেমসের এই ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বেই নিজের উপস্থিতি বুঝিয়েছিলেন নীরজ চোপড়া। প্রথম প্রচেষ্টাতেই বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন ভারতীয়। ৮৬.৬৫ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে এ গ্রুপ থেকে প্রথম হয়েছিলেন ভারতীয় অ্যাথলিট। অলিম্পিকের জ্যাভেলিন থ্রো-র ফাইনালে পৌঁছতে ৮৩.৫০ মিটার দূরত্বে জ্যাভেলিন ছোঁড়া আবশ্যক। সেই ধাপ প্রথম প্রচেষ্টাতেই পেরিয়ে গিয়েছিলেন নীরজ। যোগ্যতা অর্জন পর্বের দুই রাউন্ড মিলিয়েও প্রথম হয়েছিলেন ভারতীয় অ্যাথলিট। এ গ্রুপে নীরজের কাছাকাছি পৌঁছতে পেরেছিলেন জার্মানির জোহানেস ভেটের। ৮৫.৬৪ মিটার দূরত্বে তিনি জ্যাভেলিন ছুঁড়েছিলেন।
|
লন্ডনের সাফল্য ছাপিয়ে গেল
২০১২ সালের লন্ডন অলিম্পিকে সর্বকালের সেরা পারফরম্যান্স করেছিল ভারত। ওই গেমস থেকে দুটি রুপো ও চারটি ব্রোঞ্জ সহ মোট ৬টি পদক জিতেছিল দেশ। বজরং পুনিয়ার ব্রোঞ্জের পর নীরজ চোপড়ার সোনার হাত ধরে পদক জয়ের নিরিখে টোকিও গেমসে নতুন রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া। একটি সোনা, দুটি রুপো এবং চারটি ব্রোঞ্জ সহ চলতি অলিম্পিকে ভারতের সর্বমোট পদক সংখ্যা সাতে পৌঁছে গেল।












Click it and Unblock the Notifications