Tokyo Olympics : পারলেন না মেয়েরা, হকিতে লড়েও ঐতিহাসিক পদক হাতছাড়া ভারতের
Tokyo Olympics : পারলেন না মেয়েরা, হকিতে লড়েও হাতছাড়া পদক ভারতের
এ যেন তিরে এসে তরি ডুবল। এক চুলের জন্য ইতিহাস রচনা থেকে বিরত থাকল ভারতের মহিলা হকি দল। টোকিও গেমসের তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ ৪-৩ ফলাফলে হেরে যাওয়ায় পদক জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল রানি রামপালদের। ইতিহাস রচনা হওয়ার মুখেই আটকে গেল। যদিও ওমেন ইন ব্লু-র লড়াইকে কুর্নিশ জানিয়েছে দেশ।

প্রথম কোয়ার্টারে অগোছালো ভারত
ম্যাচের প্রথম কোয়ার্টারে ভারতীয় মহিলা হকি দলের খেলায় অগোছালো খেলা চোখে পড়ে। ভারতীয় ডিফেন্সের ভুলে একাধিকবার গোল করার মতো জায়গায় পৌঁছে যায় ব্রিটেন। অন্যদিকে প্রথম কোয়ার্টারে সেভাবে দানা বাঁধতে পারেনি ভারতীয় দলের আক্রমণ। উল্টে একাধিক পেনাল্টি কর্নার হাসিল করে ভারতের ওপর চাপ বাড়িয়ে দেয় গ্রেট ব্রিটেন। দুর্দান্ত কয়েকটি সেভ করে প্রথম কোয়ার্টারে ভারতের নিশ্চিত পতন রুখে দেন সবিতা পুনিয়া। ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথম কোয়ার্টার।
|
দ্বিতীয় কোয়ার্টারে হাড্ডাহাড্ডি যুদ্ধ
দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকেই ভারতের ওপর প্রভাব বিস্তার করে গ্রেট ব্রিটেন। পরপর দুটি গোল করে রানি রামপালদের ওপর চাপ বাড়ান প্রতিপক্ষ। ২ গোলে পিছিয়ে পড়া ভারতের মহিলা হকি দল আচমকাই খেলায় ফিরে আসে। পেনাল্টি কর্নার থেকে পরপর দুটি করে ম্যাচে সমতায় ফেরে ওমেন ইল ব্লু। দুটি গোলই করেন গুরজিৎ কৌর। এরপর দুর্দান্ত একটি পরিকল্পিত আক্রমণ থেকে গ্রেট ব্রিটেনের রক্ষণভাগকে ফালাফালা করে ম্যাচের তৃতীয় গোলটি পায় ভারত। ৩-২ গোলে এগিয়ে থেকেই ম্যাচের দ্বিতীয় কোয়ার্টার শেষ করেন রানি রামপালরা।
|
শেষ দুই কোয়ার্টারে ছন্দপতন
এক গোলে পিছিয়ে থাকা গ্রেট ব্রিটেন তৃতীয় কোয়ার্টারে মরিয়া হয়ে ওঠে। ভারতীয় গোলমুখে সঙ্ঘবদ্ধ আক্রমণ তুলে আনতে থাকেন তারা। তাতে চাপ বাড়ে ভারতীয় শিবিরে। পাল্লা দিয়ে চলতে থাকে ভুলভ্রান্তিও। সেই ভুলের সুযোগ নিয়ে পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে সমতায় ফেরে গ্রেট ব্রিটেন। ৩-৩ ফলাফলেই শেষ হয় ম্যাচের তৃতীয় কোয়ার্টার। চতুর্থ কোয়ার্টারে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। বলের নিয়ন্ত্রণ এবং আক্রমণে দুই দল একে অপরকে টেক্কা দিতে থাকে। ইতিমধ্যে ম্যাচ শেষের ১২ মিনিটের মাথায় গোল পেয়ে যায় গ্রেট ব্রিটেন। বাকি সময়ে চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেননি রানি রামপালরা। উল্লেখ্য এই গ্রেট ব্রিটেনের বিরুদ্ধেই পুলের ম্যাচে ১-৪ গোলের হার হজম করতে হয়েছিল ভারতের মহিলা হকি দলকে। তার নিরিখে রানি রামপালদের শুক্রবারের লড়াইকে কুর্নিশ করেছে দেশ।

ইতিহাস রচনা ভারতের
টোকিও গেমস নিয়ে মোট তিন বার অলিম্পিকের মূলপর্বে খেলার সুযোগ পেয়েছিল ভারতের মহিলা হকি দল। এর আগে ১৯৮০ ও ২০১৬ সালের অলিম্পিকে খেললেও নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছিলেন ওমেন ইন ব্লু-রা। এবারই প্রথম অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস রচনা করলেন রানি রামপালরা। তাতে গর্বিত হয়েছে দেশ।












Click it and Unblock the Notifications