Tokyo Olympics : প্রথম অলিম্পিকের গ্রুপ পর্বেই আটকে গেলেন সাই প্রণীত, ডাচ শাটলারের ইতিহাস
Tokyo Olympics : প্রণীত বিদায়, প্রথম অলিম্পিকের গ্রুপ পর্বেই আটকে গেলেন ভারতীয় শাটলার
অভিষেকে গ্রুপ পর্বেই থেমে গেল সাই প্রণীতের অলিম্পিক অভিযান। টানা দ্বিতীয় ম্যাচ হেরে খাতায় কলমে টোকিও অলিম্পিক থেকে ছিটকে গেলেন ভারতীয় শাটলার। নেদারল্যান্ডসের মার্ক ক্যালাওয়ের বিরুদ্ধে ১৪-২১, ১৪-২১ ফলাফলে হেরে যান ভারতীয় তারকা। প্রথম ডাচ শাটলার হিসেবে অলিম্পিকের শেষ ১৬ রাউন্ডে পৌঁছে ইতিহাস রচনা করলেন প্রণীতের প্রতিপক্ষ।

টোকিও অলিম্পিকের ব্যাডমিন্টনের পুরুষদের সিঙ্গলসের ডি গ্রুপে ছিলেন সাই প্রণীত। প্রথম ম্যাচ হেরে বুধবার ফের কোর্টে নেমেছিলেন বিশ্বের ১৫ নম্বর তথা টোকিও অলিম্পিকের ১৩তম বাছাই। তবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন কই! প্রথম গেমে প্রণীতকে দাঁড়াতেই দেননি ডাচ প্রতিপক্ষ। প্রত্যাবর্তনের কোনও ইঙ্গিতও দিতে পারেননি ভারতীয় শাটলার। দ্বিতীয় গেমেও সাই প্রণীতের অসহায় আত্মসমর্পণ দেখে হতাশ হয়েছেন ভারতীয় ক্রীড়া প্রেমীরা।
গ্রুপের প্রথম ম্যাচে ইজরায়েলের মিশা জিলবারম্যানের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় তারকা। ওই মোকাবিলা ১৭-২১ ও ১৫-২১ ফলাফলে হেরেছিলেন সাই প্রণীত। ৪১ মিনিটে শেষ হওয়া ওই মোকাবিলা হেরে গিয়েই বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল ভারতীয় শাটলারের। ক্রমতালিকায় পিছিয়ে থাকা ডাচ শাটলারের বিরুদ্ধে হেরে গ্রুপের একদম শেষে থেকে টোকিও অলিম্পিক শেষ করতে হল প্রবীণকে। সেই হতাশা বুধবারের ম্যাচে ভারতীয় শাটলারের শরীরি ভাষাতে ধরা পড়েছে।
টোকিও অলিম্পিকের গ্রুপ পর্ব থেকে ছিটকে যেতে হয়েছে ভারতের সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেঠীর জুটিকে। তবে মহিলাদের সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন পিভি সিন্ধু। এখন তাঁর ওপর চলতি গেমসে ব্যাডমিন্টন থেকে ভারতের পদক জয়ের আশা নির্ভর করছে।












Click it and Unblock the Notifications