Tokyo Olympics : আর্জেন্তিনার বিরুদ্ধে দুর্দান্ত জয়, কোয়ার্টার ফাইনালে ভারতীয় হকি দল
Tokyo Olympics : আর্জেন্তিনার বিরুদ্ধে দুর্দান্ত জয়, কোয়ার্টার ফাইনালে ভারতীয় হকি দল
আর্জেন্তিনার বিরুদ্ধে দুর্দান্ত পেল ভারতের পুরুষ হকি দল। ৩-১ ফলাফলে জয় হাসিল করে পুল এ থেকে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন মনপ্রীত সিংরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাত গোল হজম করার পর ভারতীয় হকি দলের এই প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত হয়েছেন ক্রীড়প্রেমীরা।

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ম্যাচে প্রথম থেকেই রণং দেহী মূর্তি নেয় ভারতীয় হকি দল। প্রথম দুই কোয়ার্টারে ভারতের আক্রমণ সামাল দিতে নাজেহাল হয়ে যায় আজেন্তিনা। এই সময় ৬০ শতাংশ বল পসেসন নিজেদের কাছে রাখেন মনপ্রীত সিংরা। ১৬টি সার্কেল পেনিট্রেশনও থাকে ভারতের দখলে। আর্জেন্তিনার তুলনায় যা অনেক বেশি। পরাজিত দলের একমাত্র গোলটি আসে চতুর্থ কোয়ার্টারে। পেনাল্টি কর্নার থেকে ওই গোলটি হওয়ার আগে ম্যাচে রাজত্ব করে ভারতই। ম্যাচের তৃতীয় কোয়াটারে প্রথম গোল পায় ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করেন বরুণ কুমার। ৫৮ এবং ৫৯ মিনিটে পরপর দুটি গোল করে দেশের জয় নিশ্চিত করেন যথাক্রমে বিবেক প্রসাদ ও হরমনপ্রীত সিং।
পুল এ-র প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল মেন ইন ব্লু-কে। সাত গোল হজম করতে হয়েছিল মনপ্রীত সিংদের। পরের ম্যাচেই ফিরে এসেছিল ভারত। ৩-০ গোলে ওই ম্যাচ জিতেছিলেন হরমনপ্রীত সিংরা। ফলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্তিনার বিরুদ্ধে আজকের ম্যাচ জিতলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাওয়ার সম্ভাবনা ছিল ভারতীয় হকি দলের সামনে। হলও ঠিক তাই।
পুল এ-তে ৪ ম্যাচ খেলে ফেলা ভারত ৯ পয়েন্ট নিয়ে শেষ আটে পৌঁছেছে। সম পরিমাণ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে থাকা অস্ট্রেলিয়াও কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে। পুলের বাকি দলগুলি অস্ট্রেলিয়া এবং ভারতের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে।












Click it and Unblock the Notifications