Tokyo Olympics : রোয়িংয়ে ইতিহাস গড়েও ১১-তে থামল ভারতের অর্জুন-অরবিন্দ জুটি
Tokyo Olympics : রোয়িংয়ে ইতিহাস গড়েও ১১-তে থামল ভারতের অর্জুন-অরবিন্দ জুটি
অলিম্পিকের রোয়িংয়ে ইতিহাস গড়েও প্রথম দশে প্রবেশ করতে পারল না ভারতীয় জুটি। টোকিও গেমসের লাইটওয়েট ডাবল স্কালস ইভেন্টে ফাইনাল বি রাউন্ডে পঞ্চম হলেন অর্জুন লাল জাট ও অরবিন্দ সিং জুটি। সবমিলিয়ে প্রতিযোগিতায় ১১তম স্থান দখল করলেন তাঁরা। যে ফলাফলকে ইতিবাচক হিসেবেই দেখছেন দেশের ক্রীড়াপ্রেমীরা।

বৃহস্পতিবার রোয়িংয়ের লাইটওয়েট ডাবল স্কালস ইভেন্টে ফাইনাল বি রাউন্ডের শুরুটা ভাল হলেও ধীরে ধীরে পিছোতে থাকে ভারতীয় জুটি। পরিশেষে ৬ মিনিট ২৯.৬৬ সেকেন্ডে প্রতিযোগিতা শেষ করেন অর্জুন লাল জাট ও অরবিন্দ সিং। ৬ দলের ওই প্রতিযোগিতায় পঞ্চম স্থান দখল করেন ভারতীয়রা। দুই ফাইনাল (এ ও বি) মিলিয়ে ১১তম স্থানে প্রতিযোগিতা শেষ করেন ভারতীয় রোয়াররা।
উক্ত ইভেন্টে প্রথম স্থাব দখল করেছে স্পেন। যারা ৬ মিনিট ১৫.৪৫ সেকেন্ড প্রতিযোগিতা শেষ করে। দ্বিতীয় স্থানে ইভেন্ট শেষ করা পোল্যান্ডের সময় লেগেছে ৬ মিনিট ১৬.০১ সেকেন্ড। ৬ মিনিট ১৬.৯২ সেকেন্ড ইভেন্ট শেষ করা ইউক্রেন হয়েছে তৃতীয়। চতুর্থ স্থানে রেস শেষ করা কানাডার সময় লেগেছে ৬ মিনিট ১৭.৬০ সেকেন্ড।
ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে সাড়া জাগানো ভারতীয় জুটি লাইটওয়েট ডাবল স্কালস ইভেন্টের এ/বি দুই সেমিফাইনালে কোনও কেরামতি দেখাতে পারেনি। ৬ দলের সর্বশেষ স্থানে প্রতিযোগিতা শেষ করেছিলেন অর্জুন ও অরবিন্দ। ৬ মিনিট ২৪.৪১ সেকেন্ড সময় নিয়েছিলেন তাঁরা। নিয়ম অনুযায়ী ইভেন্টের প্রতি সেমিফাইনালের শেষ তিন দলকে ফাইনাল 'বি'-তে (ক্রমতালিকা রাউন্ড) অংশ নিতে হয়। সে অনুয়ায়ী বৃহস্পতিবার ভারতীয় জুটিকে ফের স্বমহিমায় দেখা যায়।
উল্লেখ্য এর আগে অলিম্পিকের রোয়িং ইভেন্টের সেমিফাইনালে পৌঁছতে পারেনি ভারত। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে পুরুষদের ডাবল স্কালস ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বের ১৮তম স্থানে শেষ করেছিলেন ভারতের মনজিৎ সিং ও সন্দীপ কুমার। সে নিরিখে অর্জুন ও অরবিন্দ ইতিহাস রচনা করলেন বলা চলে।












Click it and Unblock the Notifications