Tokyo Olympics : শক্তিশালী নীরজের দক্ষতা বাড়িয়েছে ইউ টিউব, অনুপ্রাণিত করেছেন চেকের গ্রেট
Tokyo Olympics : শক্তিশালী নীরজের দক্ষতা বাড়িয়েছে ইউ টিউব, অনুপ্রাণিত করেছেন চেকের গ্রেট
স্বাধীন ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে সোনা জেতা নীরজ চোপড়ায় আমোদিত দেশ। জার্মানি, চেক প্রজাতন্ত্রের বাঘা অ্যাথলিটদের পিছনে ফেলে টোকিও অলিম্পিকে যতটা দূরত্বে ২৩ বছরের তরুণ বর্শা নিক্ষেপ করেছেন, তার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন বলে মনে করেন ক্রীড়াপ্রেমীরা। এমন দক্ষতা কীভাবে সঞ্চয় করলেন নীরজ, এই সুদীর্ঘ যাত্রায় কার থেকে তিনি অনুপ্রাণিত হলেন, তা জানিয়েছেন অ্যাথলিট নিজেই।

ইউ টিউব দেখে দক্ষতা বৃদ্ধি
টোকিও অলিম্পিকের পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে ৮৭.৫৮ মিটার দূরত্ব বর্শা নিক্ষেপ সক্ষম হন নীরজ চোপড়া। যা জাতীয় রেকর্ডও বটে। যদিও এই উচ্চতায় অনেকগুলি ধাপ পেরিয়ে পৌঁছতে হয়েছে নীরজকে। অনেক পরিশ্রমের ফসল যে এই সাফল্য, তাও জানাতে ভোলেননি সোনার ছেলে। কীভাবে অর্জন করলেন এই দক্ষতা, তার উত্তরও রাখঢাক না করেই বলেছেন নীরজ। জানিয়েছেন অনেক অল্প বয়স থেকে জ্যাভলিন থ্রো-র প্রেমে পড়েছিলেন। চেক প্রজাতন্ত্রের কিংবদন্তি জান জিলেজনি ছিলেন নীরজের আদর্শ। ইউ টিউবে ওই প্রবাদপ্রতিম অ্যাথলিটের থ্রো দেখেই তিনি প্রাথমিক স্তরে নিজের টেকনিক তৈরি করেছিলেন বলে জানিয়েছেন ২৩ বছরের অ্যাথলিট।

ব্যক্তিগত দক্ষতায় কতটা এগিয়ে নীরজ
চলতি বছরই পাতিয়ালায় হওয়া ইন্ডিয়ন গ্রাঁ পি-তে ৮৮.০৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়েছিলেন নীরজ। যা জাতীয় রেকর্ডও বটে। টোকিও গেমসের এই ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বেই নিজের উপস্থিতি বুঝিয়েছিলেন নীরজ চোপড়া। প্রথম প্রচেষ্টাতেই বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন ভারতীয়। ৮৬.৬৫ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে প্রথম হয়েছিলেন এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অ্যাথলিট। এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সোনা জয়ের নজির রয়েছে তাঁর। সেই ২৩ বছরের নীরজের কাছ থেকে আগামী দিনেও আরও সাফল্য আশা করছেন দেশের ক্রীড়াপ্রেমীরা।

১৪ বছর বয়সে সাড়া জাগানো নীরজ
২০১২ সালে মাত্র ১৪ বছর বয়সে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। ৬৮.৪৬ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করেছিলেন তিনি। এক বছরের মধ্যে নিজের দক্ষতা আরও বাড়িয়ে নেন নীরজ। কেরলের এক টুর্নামেন্টে তিনি ৬৯.৯৯ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করেছিলেন। ২০১৪ সালে প্রথম ৭০ মিটারের গণ্ডী পেরিয়েছিলেন নীরজ। ২০১৫ সালে ৮০ মিটারের গণ্ডী পেরিয়েছিলেন ভারতীয় অ্যাথলিট। পাতিয়ালায় অনুষ্ঠিত হওয়া ভার্সিটি চ্যাম্পিয়নশিপে ৮১.০৪ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে সোনা জিতেছিলেন পানিপথের তরুণ। ২০১৬ সালে আন্তর্জাতিক স্তরে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন নীরজ। পোল্যান্ডে হওয়া অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতীয়। ৮৬.৪৮ মিটার দূরত্বে তিনি বর্শা নিক্ষেপ করেছিলেন।

চোট থেকে বেরিয়ে
২০১৮ সালের এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে সোনা জেতা নীরজ চোপড়া ওই বছরই চোটগ্রস্ত হয়েছিলেন। বেশকিছু দিন ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে দূরে থাকতে হয়েছিল ভারতীয় অ্যাথলিটকে। যে কারণে ২০১৯ সালটা নীরজের জন্য বেশ চ্যালেঞ্জিং হিসেবেই কাটে। ইতিমধ্যে করোনা ভাইরাসের প্রভাব বাড়তে থাকায় অনুশীলনেও বিস্তর বাধাবিঘ্ন তৈরি হতে থাকে। সেগুলিকে অতিক্রম করে নীরজের সাফল্যে মুগ্ধ হয়েছে দেশ।












Click it and Unblock the Notifications