Tokyo Olympics : কুস্তির সেমিফাইনালে ভারতের দীপক-রবি, প্রি-কোয়ার্টার ফাইনালে অংশুর হার
Tokyo Olympics : কুস্তির সেমিফাইনালে ভারতের দীপক-রবি, প্রি-কোয়ার্টার ফাইনালে অংশুর হার
বুধবার টোকিও অলিম্পিকের কুস্তি বিভাগে মিশ্র পারফরম্যান্সের মুখ দেখল ভারত। পুরুষদের ৮৬ কেজি ফ্রিস্টাইল বিভাগের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের দীপক পুনিয়া। কোয়ার্টার ফাইনালে চিনের লিন জুসেনকে ৬-৩ পয়েন্টের ব্যবধানে হারিয়েছেন দীপক। অন্যদিকে ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের রবি কুমার দাহিয়া। কোয়ার্টার ফাইনালে কোয়ার্টার ফাইনালে বুলগেরিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে ১৪ (এসইউপি)-৪ পয়েন্টে জয় হাসিল করেছেন রবি। মহিলাদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছেন ভারতের অংশু মালিক। যদিও টুর্নামেন্ট থেকে এখনও ছিটকে যাননি তিনি।

আর কিছু সময়ের মধ্যেই পুরুষদের ৮৬ কেজি বিভাগের ফ্রিস্টাইল ক্যাটেগরির সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবেন দীপক। তাঁর প্রতিপক্ষ আমেরিকার ডেভিড টেলর। অন্যদিকে পুরুষদের ৫৭ কেজি বিভাগের ফ্রিস্টাইল ক্যাটেগরির শেষ চারের লড়াইয়ে নামবেন ভারতের রবি কুমারও। তাঁর প্রতিপক্ষ কাজাখস্তানের নুরিসলাম সানায়েভ। মহিলাদের ৫৭ কেজি বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে অংশু মালিককে হারানো বেলারুশের ইলিয়ানা কুরাচকিনা সেমিফাইনালে পৌঁছেছেন। তিনি ফাইনালে পৌঁছলে রেপেচেজ রাউন্ড খেলে ব্রোঞ্জ পদক জেতার সুযোগ পেতে পারেন ভারতের মহিলা কুস্তিগীর।
যদিও মঙ্গলবার টোকিও অলিম্পিকে হার দিয়েই শুরু হয়েছিল ভারতের কুস্তি অভিযান। মহিলাদের ৬২ কেজি বিভাগের প্রথম রাউন্ডে এশিয়ান চ্যাম্পিয়নশিপে রূপোজয়ী মোঙ্গলিয়ার বোলোরতুয়া খুরেলখুর কাছে পরাজয় স্বীকার করেছিলেন ১৯ বছরের সোনাম মালিক। রেপেচেজ রাউন্ডে খেলে টুর্নামেন্টে ফিরে আসার সুযোগও হারিয়েছিলেন ভারতীয় কুস্তিগীর। সোনামকে প্রথম রাউন্ডে হারানো মোঙ্গলিয়ার কুস্তিগীর দ্বিতীয় রাউন্ডে পরাজিত হওয়ায় টোকিও গেমস থেকে কার্যত ছিটকে গিয়েছিলেন সোনাম।
তাঁর এই হারে হতাশ হয়েছিলেন দেশের ক্রীড়াপ্রেমীরা। তীব্র প্রতিবন্ধকতা জয় করে টোকিও অলিম্পিকে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন সোনাম। তাঁর এতদূর পৌঁছনোর আশা কার্যত ছেড়েই দিয়েছিলেন অনেকে। ২০১৭ সালে এক জটিল স্নায়ুর রোগে আক্রান্ত হয়েছিলেন এই মহিলা কুস্তিগীর। সোনামের ডান হাত এবং কাঁধ পুরোপুরি অসাড় হয়ে গিয়েছিল। সেই অবস্থা থেকে স্বাভাবিক জীবনে ফিরেও অলিম্পিক থেকে দেশকে সোনা এনে দিতে পারলেন না সোনাম।
তাঁর হারের জ্বালা কিছুটা হলেও জুড়িয়ে দিলেন ভারতের দীপক পুনিয়া ও রবি কুমার। কুস্তির নিজ নিজ ক্যাটেগরির সেমিফাইনালে পৌঁছে টোকিও গেমস থেকে তাঁরা ভারতের পদক জয়ের আশা জিইয়ে রাখলেন। ফাইনালে উঠতে পারলে ভারতের জন্য অন্তত একটি রূপো নিশ্চিত করবেন দুই পুরুষ কুস্তিগীর।












Click it and Unblock the Notifications