Tokyo Olympics : সুমিতের নাগালের বাইরে মেদভেদেভ, দ্বিতীয় রাউন্ডে ওসাকা-জেরেভের সহজ জয়
Tokyo Olympics : মেদভেদেভের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নাগালের
বিশ্বের দুই নম্বর টেনিস তারকা ড্যানিল মেদভেদেভের কাছে হেরে গেলেন ভারতের সুমিত নাগাল। স্ট্রেট সেটে হার হজম করতে হয়েছে ২৩ বছরের তারকাকে। যদিও নাগালের খেলা ভারতীয় ক্রীড়া প্রেমীদের মন জয় করেছে। অলিম্পিকের মতো মেগা ইভেন্টে মেদভেদেভের মতো তারকার বিরুদ্ধে তিনটি গেম জেতাও যে মুখের কথা নয়, তা মেনে নিচ্ছেন প্রত্যেকে।

প্রথম সেটে দুটি গেম জয় নাগালের
প্রত্যাশা মতোই শুরু থেকে ম্যাচে প্রভাব বিস্তার করেন ড্যানিল মেদভেদেভ। রাশিয়ান অলিম্পিক কমিটির প্রতিযোগীর বিরুদ্ধে মরিয়া লড়াই চালিয়ে যান ভারতীয় তারকা। তবু মেদভেদেভের দক্ষতার সামনে বারবার পিছিয়ে পড়েন নাগাল। প্রথম সেটে দুটি গেম জিততে সক্ষম হন ২৩ বছরের ভারতীয় তারকা। ৬-২ ফলাফলে ওই সেট জেতেন মেদভেদেভ।

দ্বিতীয় সেটে আরও ভয়ঙ্কর ড্যানিল
ম্যাচের দ্বিতীয় সেটে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন ড্যানিল মেদভেদেভ। বেশ কয়েকটি দৃষ্টিনন্দন ফোর হ্যান্ড, ক্রস কোর্ট শট খেলা সুমিত বিশ্বের দুই নম্বর টেনিস তারকাকে নাগালে পেতে ব্যর্থ হন। কোনওভাবে একটি গেম জেতেন ভারতীয় তারকা। ৬-১ ফলাফলে ওই সেট এবং ম্যাচ জিতে নেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা।

দ্বিতীয় রাউন্ডে জয়ী ওসাকা
টোকিও অলিম্পিকে মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও সহজ জয় পেয়েছেন জাপানের নাওমি ওসাকা। সুইজারল্যান্ডের ভিক্টোরিজা গোলুবিকের বিরুদ্ধে সোমবার এই ম্যাচ খেলতে নেমেছিলেন বিশ্বের দুই নম্বর মহিলা টেনিস তারকা। ৬-৩ ও ৬-২ ফলাফলে ম্যাচ জিতে পরের রাউন্ডে পৌঁছেছেন জাপানের তারকা।

দ্বিতীয় রাউন্ডে জেরেভের জয়
টোকিও অলিম্পিকে পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে সহজ জয় পেয়েছেন জার্মানির আলেকজান্ডার জেরেভ। কলম্বিয়ার ড্যানিয়েল এলাহি গালানের বিরুদ্ধে প্রথম সেট ৬-২ ফলাফলে জেতেন বিশ্বের পাঁচ নম্বর টেনিস তারকা। দ্বিতীয় সেট জিততেও জেরেভকে বিশেষ বেগ পেতে হয়নি। ৬-২ ফলাফলেই দ্বিতীয় সেট জেতেন জার্মান তারকা।












Click it and Unblock the Notifications