নীরজ চোপড়াকে পরম বশিষ্ঠ সেবা পদকে সম্মানিত করলেন রাষ্ট্রপতি, হরিয়ানার ট্যাবলোতেও জ্যাভলিনে সোনাজয়ী
টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনাজয়ী নীরজ চোপড়়ার মুকুটে নয়া পালক। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে তাঁকে সম্মানিত করা হলো পরম বশিষ্ঠ সেবা পদকে। নীরজ এই মুহূর্তে রয়েছেন ক্যালিফোর্নিয়ায়। রাষ্ট্রপতি তাঁকে এই মেডেল তুলে দিয়ে সম্মানিত করবেন বলে এদিনই জানানো হয়েছিল সংবাদমাধ্যমগুলিকে।

দেশের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে অলিম্পিকের আসর থেকে সোনা জিতে এনেছেন নীরজ। জ্যাভলিনে সোনা জয়ের জন্য বিভিন্ন সম্মানে ভূষিতও হয়েছেন। সেই তালিকায় যোগ হলো এই পরম বশিষ্ঠ সেবা মেডেল। ২০১৬ সালে নীরজ চোপড়া ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেছিলেন জুনিয়র কমিশনড অফিসার ও নায়েব সুবেদার পদে। সেনাবাহিনীর প্রাচীনতম রাইফেল রেজিমেন্ট ৪ রাজপুতানা রাইফেলসে। এশিয়ান গেমসের পারফরম্যান্সের সুবাদে তাঁর পদোন্নতি হয়। বর্তমানে তিনি সেনাবাহিনীর সুবেদার।

মিশন অলিম্পিক্সের অধীনে অনুশীলনের জন্য তাঁকে বেছে নেওয়া হয়েছিল। পুনের আর্মি স্পোর্টস ইনস্টিটিউটে তিনি কঠোর অনুশীলন চালিয়ে যান। টোকিও অলিম্পিকে তিনি জ্যাভলিনে ঐতিহাসিক সোনা জিতে মিলখা সিংয়ের স্বপ্নপূরণও করেছিলেন। মিলখা নীরজকে টোকিও অলিম্পিক থেকে সোনা জিতে ফেরার অনুরোধ করেছিলেন। পরম বশিষ্ঠ সেবা মেডেলপ্রাপ্তির পরও সাধারণতন্ত্র দিবসের প্যারেডেও থাকছে নীরজ-স্পর্শ। হরিয়ানা সরকার যে ট্যাবলো নামাচ্ছে তাতে থাকছে নীরজের পূর্ণাবয়ব মূর্তি। হরিয়ানার ট্যাবলোয় ১০জন অলিম্পিয়ানের উপস্থিতির কথাও রয়েছে।

নীরজ অবশ্য এখন দেশে নেই। তিনি ক্যালিফোর্নিয়ায় প্রশিক্ষণ নিচ্ছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ডায়মন্ড লিগ, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের জন্য। প্যারিস অলিম্পিক থেকে সোনা জিতে ফেরার বিষয়ে প্রত্যয়ী নীরজ।












Click it and Unblock the Notifications