অলিম্পিকে করোনার মতো অনিশ্চিয়তা তৈরি হয়েছিল আগেও, বন্ধ করা হয়েছিল গেমস
অলিম্পিকে করোনার মতো অনিশ্চিয়তা তৈরি হয়েছিল আগেও
প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়ে গেলেও করোনা ভাইরাসের জেরে আগামী জুলাইয়ে আদৌ টোকিও-তে অলিম্পিক শুরু করা সম্ভব কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। হঠাৎ কোভিড পরিস্থিতির অবনতি হলে মাঝপথে গেমস বন্ধ করে দিতে হয় কিনা, সে আশঙ্কাও ক্রীড়া প্রেমীদের মন থেকে যাচ্ছে। তবে এমন অনিশ্চয়তা বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞে প্রথম নয়। এর আগে তিন বার নানা কারণে বন্ধ করে দিতে হয়েছে অলিম্পিক। সেই ইতিহাস ঘেঁটে নেওয়া যাক।

১৯১৬ সালের বার্লিন অলিম্পিক
১৯১৪ সালে শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। দুই বছর পর অর্থাৎ ১৯১৬ সালে বার্লিনে অলিম্পিকের আসর বসার কথা ছিল। যুদ্ধ দ্রুত শেষ হবে মনে করে সেই অস্থির সময়েও অলিম্পিক আয়োজনের প্রস্তুতি শুরু করেছিল জার্মান রাজ প্রশাসন। গেমসের কথা মাথায় রেখে ১৯১৩ সালে বার্লিনে মস্ত বড় অলিম্পিক স্টেডিয়ামও তৈরি করা হয়েছিল। যদিও প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৮ সাল পর্যন্ত চলেছিল। রক্তক্ষয়ী লড়াইয়ে জার্মান সাম্রাজ্যের পতন ঘটেছিল। সেই অনিশ্চিয়তার আবহে বার্লিনে ১৯১৬ সালের অলিম্পিক বন্ধ করে দেওয়া হয়েছিল। আলেকসান্দ্রিয়া, আমস্টারডাম, ক্লেভেল্যান্ড, বুদাপেস্ট, ব্রাসেলসের মতো শহর ওই গেমস আয়োজনের জন্য বিড করলেও তা গ্রাহ্য করা হয়নি।

১৯৪০ সালের টোকিও অলিম্পিক
১৯৪০ সালেই ইতিহাসে প্রথমবার ইউরোপের বাইরে অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জাপান একসঙ্গে গ্রীষ্মকালীন ও শীতকালীন গেম আয়োজনের দায়িত্ব পেয়েছিল। বিশ্বের প্রথম শহর হিসেবে এই কৃতিত্বের অধিকারী হয়েছিল টোকিও। কিন্তু সেই শহরে গিয়ে অলিম্পিকে অংশ নিতে অস্বীকার করেছিল অন্যান্য দেশ। ১৯৩৭ সালে চিনের সঙ্গে যুদ্ধে জাপানের ভূমিকার জেরে বিরোধিতার বাতাবরণ তৈরি হয়েছিল। সেই আবহে গেমস ওই শহর থেকে সরিয়ে আনা হয়েছিল। ফিনল্যান্ড এবং জার্মানি যথাক্রমে গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক আয়োজনের জন্য বিড করলেও তা মঞ্জুর করা হয়নি। ১৯৩৯ সালেই দুই গেমস বাতিল বলে ঘোষণা করা হয়েছিল।

১৯৪৪ সালের অলিম্পিক
১৯৪৪ সালে ইংল্যান্ডের লন্ডন এবং ইতালির কর্টিনা দে আমপেজোতে যথাক্রমে গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পক হওয়ার কথা ছিল। তার আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তীব্র আকার নিলে দুটি গেমসই বাতিল করা হয়েছিল। ১৯৪৮ সালে আরও একবার অলিম্পিক আয়োজন করার সুযোগ পেয়েছিল লন্ডন। কিন্তু অক্ষ শক্তির অন্যতম সদস্য জার্মানি ও জাপানের অ্যাথলিটদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

অলিম্পিক নিয়ে অনিশ্চয়তার অন্য উদাহরণ
২০১৬ সালে ব্রাজিলের রিও-তে অলিম্পিকের আসর বসেছিল। কিন্তু জিকা ভাইরাসের প্রভাবে গেমস বন্ধের উপক্রম তৈরি হয়েছিল। ১৯৭২ সালে জার্মানির মিউনিখে অলিম্পিক হয়েছিল। তারই মধ্যে দুর্ধর্ষ জঙ্গি নাশকতা গেমসের ভীত নাড়িয়ে দিয়েছিল। দুই দিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছিল প্রতিযোগিতা।












Click it and Unblock the Notifications